তথ্য দিতে পারেনি পুলিশ, ২ ব্যাংক কর্মকর্তা মুক্ত

জাপানি নাগরিক কুনিও হোশির হত্যার পর এক সপ্তাহ কেটে গেলেও জড়িত ব্যক্তিদের ধরার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। আটক দুই ব্যাংক কর্মকর্তাকে গতকাল শনিবার ছেড়ে দেওয়া হয়েছে।
৩ অক্টোবর রংপুর শহরের উপকণ্ঠে কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশি তাঁর খামারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। কুনিও হত্যা নিয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রংপুর পুলিশ রেঞ্জের ভারপ্রাপ্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর। হত্যাকাণ্ডটি স্পর্শকাতর উল্লেখ করে তিনি বলেন, হত্যাকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে এবং এই মামলার তদন্তের জন্য খুঁটিনাটি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। এসব কারণে এ মুহূর্তে মামলার বিষয়ে কোনো কিছু বলা যাচ্ছে না।
গত বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাজশাহীর কুমারপাড়ায় ব্র্যাক ব্যাংক শাখার বিক্রয় ও সেবা কর্মকর্তা সুলতান নাহিদ এবং একই ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগের কর্মকর্তা এইচ এম শাহরিয়ারকে গতকাল ছেড়ে দিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় সুইট হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে পাবনা থেকে আটক করা হয়েছে।
রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব ও কুনিওর খামারের সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরাকে ১০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। গতকাল রাশেদকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে থাকা কুনিওর বাড়িওয়ালা গোলাম জাকারিয়া ওরফে বালা, রিকশাচালক মুন্নাফ আলী ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেনকে এখনো ছেড়ে দেওয়া হয়নি।
কুনিও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি
ঢাকায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, কুনিও হোশি হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, এ ঘটনা জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব নষ্ট করার ষড়যন্ত্র। এ সময় তাঁরা ‘কুনিও হোশি, প্লিজ ফরগিভ আস’, ‘জাপানিজ আর আওয়ার ফ্রেন্ড’, ‘অ্যারেস্ট মার্ডারারস অফ কুনিও হোশি’ এবং জাপানি ভাষায় লেখা কিছু ফেস্টুন হাতে উপস্থিত হন।
মানববন্ধনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের অতিথিপরায়ণ চরিত্র প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই বাংলাদেশের সুনাম ফিরিয়ে আনতে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
জাপান স্টাডি সেন্টারের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী জাপানের একজন নাগরিক হত্যার মধ্য দিয়ে বর্তমানে জাপান-বাংলাদেশের মধ্যে যে ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মোচিত হয়েছে, তাকে থামানোর চেষ্টা চালানো হচ্ছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে, এ দেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই।
মানববন্ধনে কুনিও হোশির আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।