তথ্য দিতে রাজি হলেন ধামরাই থানার কর্মকর্তা
অবশেষে তথ্য দিতে রাজি হলেন ঢাকার ধামরাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। গতকাল মঙ্গলবার তথ্য কমিশনে অনুষ্ঠিত শুনানিতে অংশ নিয়ে তিনি চাহিদা অনুযায়ী সব তথ্য সরবরাহ করতে রাজি হন।
গত বছর ঢাকা জেলার ধামরাই থানা থেকে পুলিশের কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের নাম ও ঠিকানাসহ বিভিন্ন তথ্য চেয়ে প্রথম আলোর পক্ষ থেকে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে ওই বছর ১০ সেপ্টেম্বর আপিল কর্তৃপক্ষ ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের কাছে আপিল করা হয়। আপিল কর্তৃপক্ষ তথ্য সরবরাহে ব্যবস্থা না নেওয়ায় ৩০ ডিসেম্বর তথ্য কমিশনে অভিযোগ করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল কমিশনে শুনানি হয়। শুনানিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার তথ্য দিতে রাজি হন। আগামী ৩ মার্চের মধ্যে তাঁকে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানিতে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকসহ তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও খুরশীদা বেগম উপস্থিত ছিলেন।