এলাকাভিত্তিক সহযোগিতা দিতে এলাকায় এলাকায় বিট পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে। এতে করে পুলিশ জনগণের কাছে যাচ্ছে। জনগণও তাদের যেকোনো অভিযোগ সরাসরি পুলিশকে জানানোর সুযোগ পাচ্ছে। জনগণ ও পুলিশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করছে।
খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল শনিবার বিকেলে আয়োজিত বিট পুলিশিংয়ের সমাবেশে অতিথিরা এসব কথা বলেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে অংশ নেন খিলগাঁও, মতিঝিল, সবুজবাগ, মুগদা, শাহজাহানপুর, রামপুরা ও পল্টন এলাকার বিট পুলিশিংয়ের সহস্রাধিক সদস্য।
প্রধান অতিথি সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, ‘মাদক বিক্রেতা ও সেবনকারী, চাঁদাবাজ, সন্ত্রাসীসহ কোনো অপরাধীকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়া হবে না। অতীতে দেখা গেছে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে। সেটা দেখতে চাই না, রক্ষক হবে জনগণের সেবক।’
খিলগাঁও, শাহজাহানপুরসহ বিভিন্ন থানা নির্মাণের জন্য খুব শিগগির স্থায়ীভাবে জমি দেওয়া হবে বলে সাবের হোসেন চৌধুরী জানান। ইতিমধ্যে মুগদা থানার জন্য এক বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নিয়ন্ত্রণ বা বাধ্য করে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে চাই না, সুন্দর ব্যবহার ও ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই। পুলিশকে সহযোগিতা করুন, তথ্য দিন এবং পুলিশের পাশে দাঁড়ান, পুলিশ আপনার পাশে অবশ্যই দাঁড়াবে।’
উপকমিশনার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম ও কৃষ্ণ পদ রায় প্রমুখ।