তথ্য দিয়েও ভোটার হননি বিলুপ্ত ছিটের তিন হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলুপ্ত ছিটমহলের ১০ হাজারের বেশি নাগরিকের নাম উঠেছে ভোটার তালিকায়। কিন্তু ভোটার হওয়ার যোগ্য আরও অন্তত তিন হাজার নাগরিক ছবি না তোলায় তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তা ছাড়া ভোটারদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বিলুপ্ত ছিটমহলের অধিবাসীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন। এর মধ্যে আঠারো বা এর বেশি বয়সী ১৩ হাজার ১০৮ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। কিন্তু ভোটার হিসেবে ছবি তুলে নিবন্ধিত হয়েছেন ১০ হাজার ২২৭ জন। অর্থাৎ প্রায় তিন হাজার ভোটার হননি। ভোটারদের মধ্যে পুরুষ ৫ হাজার ১০৩ জন ও নারী ৫ হাজার ১১৪ জন।

ইসি কর্মকর্তারা জানান, যাঁরা এখনো ছবি তোলেননি, তাঁরা আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচনী অফিসে এসে নিবন্ধিত হতে পারবেন। বাদ পড়া ব্যক্তিরাও চাইলে ভোটার হওয়ার সুযোগ পাবেন ।

বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত প্রায় সমান। তবে ভোটার তালিকায় পুরুষের চেয়ে নারীদের সংখ্যা কম। কিন্তু বিলুপ্ত ছিটমহলে এর বিপরীত চিত্র দেখা গেছে।

আজ সোমবার বিলুপ্ত ছিটমহলের ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপরই প্রথমবারের মতো জাতীয় পরিচয়পত্র হাতে পেতে যাচ্ছেন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত এসব নাগরিক।

ইসি কর্মকর্তারা জানান, বিলুপ্ত ছিটমহলবাসীর ভোটার করা শেষ না হওয়ায় অন্তত ২৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন করা যায়নি। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই এসব ইউনিয়নে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এসব ইউনিয়নে নভেম্বর বা ডিসেম্বরে নির্বাচন হতে পারে।

দুই দেশের স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, গত বছরের ১ আগস্ট ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়। একইভাবে ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অংশ হয়ে যায়। বিলুপ্ত ১১১টি ছিটমহলে আঠারো বছরের ঊর্ধ্বে নাগরিকদের ভোটার তালিকাভুক্ত করতে তথ্য সংগ্রহ চলে গত ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত।