তথ্য না দেওয়ায় দুই পিআইওকে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) বিরুদ্ধে সমন জারি করেছে তথ্য কমিশন।

প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি এ এস এম আলমগীর তথ্য অধিকার আইনে আবেদন করার পরও তথ্য না দেওয়ায় তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

২১ জুলাই তথ্য কমিশনের উপপরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) নূরুন নাহার এ সমন জারি করেন। আগামী ১৮ আগস্ট ঢাকায় তথ্য কমিশন কার্যালয়ে অনুষ্ঠেয় শুনানিতে উপস্থিত থাকার জন্য ওই দুই পিআইও এবং আবেদনকারীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ এস এম আলমগীর গত ২৪ মার্চ বিরামপুরের পিআইও মিঠুন কুণ্ডুর কাছে এবং ৩ এপ্রিল নবাবগঞ্জের পিআইও ফেরদৌস আহমেদের কাছে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের তথ্য জানতে চেয়ে তথ্য অধিকার আইনে তথ্য কর্মকর্তার মাধ্যমে আবেদন করেন। তাঁরা তথ্য না দেওয়ায় আলমগীরের আপিল আবেদনের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান তথ্য দেওয়ার জন্য বিরামপুর ও নবাবগঞ্জের পিআইওকে লিখিত নির্দেশ দেন। এরপরও নানা অজুহাতে আলমগীরকে তথ্য সরবরাহ করা হয়নি।