তথ্য না দেওয়ায় প্রকৌশলীকে তলব
তথ্য অধিকার আইনে তথ্য না দেওয়ায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে সমন (তলব) জারি করা হয়েছে। তাঁকে বা তাঁর মনোনীত আইনজীবীকে আগামী বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের প্রত্নতত্ত্ব ভবনে তথ্য কমিশনের সচিবালয়ে শুনানিতে হাজির হতে বলা হয়েছে।
প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি এ এস এম আলমগীর গতকাল সোমবার পাওয়া তথ্য কমিশনের এক চিঠিতে এই তথ্য জানতে পারেন। তিনি তথ্য অধিকার আইনে উপজেলা প্রকৌশলী আ. কুদ্দুসের কাছে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ অর্থবছরে এলজিইডির মাধ্যমে উপজেলায় বাস্তবায়িত কাজের তথ্য চেয়ে গত বছরের ২১ জুলাই আবেদন করেন। আইন অনুযায়ী ২০ কার্যদিবসের মধ্যে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নানা অজুহাত দেখিয়ে তিনি তথ্য দেননি। আলমগীর ১ অক্টোবর নির্বাহী প্রকৌশলীর কাছে আপিল করেন। আপিল কর্তৃপক্ষ দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান দ্রুত তথ্য দিতে কুদ্দুসকে নির্দেশ দেন। কিন্তু নির্দেশ পাওয়ার পরও তিনি তথ্য দেননি। এ অবস্থায় আলমগীর গত ২৪ জানুয়ারি তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য কমিশনের আদেশ অনুযায়ী সহকারী পরিচালক (প্রশাসন) হেলাল আহমেদের ৮ মার্চ সই করা ওই চিঠিতে আগামী বৃহস্পতিবার কমিশনের শুনানিতে অংশগ্রহণের জন্য আলমগীরকে এবং অভিযোগের জবাব দিতে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী বা তাঁর মনোনীত আইনজীবীকে হাজির হতে এই সমন জারি করা হয়।