তথ্য না দেওয়ায় শিক্ষা কর্মকর্তার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদামতো তথ্য নির্দিষ্ট সময়ে সরবরাহ না করায় ঢাকার সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দুই হাজার টাকা জরিমানা হয়েছে। তথ্য অধিকার আইনে প্রথম আলোর করা এক অভিযোগের ওপর শুনানি শেষে গতকাল রোববার এ রায় দেয় তথ্য কমিশন।
তথ্য কমিশন সূত্রে জানা গেছে, কমিশন গতকাল ১১টি অভিযোগের ওপর শুনানি করে। এর মধ্যে প্রথম আলোর করা অভিযোগ ছিল দুটি। গতকাল ছয়টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। বাকি পাঁচটির ওপর শুনানি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।
যে আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় এল সেটি গত ১৯ জানুয়ারির। তথ্য অধিকার আইনে প্রথম আলো আবেদনটি করেছিল সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সাহরিয়ার মেনজিসের কাছে। আবেদনে চলতি বছর উপজেলায় মাধ্যমিক স্তরের প্রাপ্ত বই ও বিদ্যালয়ের নাম-ঠিকানাসহ শ্রেণিভিত্তিক বিতরণকৃত বইয়ের সংখ্যা জানতে চাওয়া হয়। নির্দিষ্ট সময়ে তথ্য না পাওয়ায় নিয়মানুযায়ী ঢাকা জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আপিল করা হয়। আপিলেও তথ্য না মেলায় গত ২৪ এপ্রিল তথ্য কমিশনে অভিযোগ করা হয়।
তথ্য কমিশন সূত্রে জানা যায়, সাহরিয়ার মেনজিসের উপস্থিতিতে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত তথ্য কমিশন কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান তথ্য কমিশনার অধ্যাপক মো. গোলাম রহমান, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, খুরশীদা বেগম সাঈদসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক জানান, উভয় পক্ষের বক্তব্য শোনার পর গোলাম রহমান ও নেপাল চন্দ্র সরকার দায়িত্বে অবহেলার দায়ে সাহরিয়ার মেনজিসকে দুই হাজার টাকা জরিমানা করেন। তবে খুরশীদা বেগম ভিন্নমত পোষণ করে তাঁকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন।
এদিকে আপিল করার পরেও তথ্য দেওয়ার উদ্যোগ না নেওয়ায় আপিল কর্তৃপক্ষ ঢাকা জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
প্রথম আলোর অপর আবেদনটি করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে গত বছরের ১৯ জুন। এতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আরেকটি ও কিন্ডারগার্টেনের দূরত্বের নিয়ম এবং কিন্ডারগার্টেনের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী হ্রাসের পরিসংখ্যান জানতে চাওয়া হয়। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে মন্ত্রণালয়ের সচিবের কাছে আপিল করা হয়। তাতেও তথ্য না মেলায় গত ২৪ এপ্রিল তথ্য কমিশনে অভিযোগ করা হয়।