তথ্য না পেয়ে জনপ্রতিনিধিদের ক্ষোভ
সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রশাসন বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে জনপ্রতিনিধিদের কোনো তথ্য দেয় না। এমনকি এসব বিষয়ে তথ্য চাওয়ার পরও তাঁদের দেওয়া হয় না বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সাধারণ সভায় নয়টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন।চরনাচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রতি রঞ্জন দাস বলেন, ‘শ্যামারচর-পেরুয়া নদীতে সেতুর টেন্ডার দেওয়া হয়েছে। মন্ত্রী মহোদয় (সুরঞ্জিত সেনগুপ্ত) আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে আমি বললাম, কিছুই জানি না। এ ছাড়া প্রকৌশল বিভাগসহ সরকারের অনেক বিভাগ আমার এলাকায় বিভিন্ন কাজ করছে। আমার কাছে এর কোনো তথ্য নেই। আজ পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগের কেউ আমাকে কিছুই জানাননি।’উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় সরকারের বিভিন্ন বিভাগ উন্নয়নকাজ করছে। কর্তৃপক্ষ স্থানীয় জনপ্রতিনিধি ও আমাদের কাছে এসব কাজের কোনো তথ্য দেয়নি। আমরা যোগাযোগ করেও তাঁদের কাছ থেকে এসব তথ্য আনতে পারিনি। আজকের (বৃহস্পতিবার) সভায় সিদ্ধান্ত হয়েছে, এলাকার যেকোনো উন্নয়ন কার্যক্রম চালাতে হলে ওই এলাকার জনপ্রতিনিধিকে অবহিত করে করতে হবে এবং তাঁদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে।’উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন জনপ্রতিনিধিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, উন্নয়নমূলক কাজের বিষয়ে তিনি মুঠোফোনে ইউপির চেয়ারম্যানদের জানান। এখন থেকে সব তথ্য লিখিতভাবে জানানো হবে।