তথ্য নেই, তবে গন্ধ পাচ্ছি আ.লীগ ক্ষমতায় আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমার কাছে কোনো তথ্য নেই। তবে বলতে পারি, আগামী দিনে নির্বাচন হবেই। একজন রাজনীতিবিদ হিসেবে গন্ধ পাচ্ছি, আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসবে।’
গতকাল সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে আওয়ামী লীগের প্রচার উপপরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘বাংলাদেশে যথাসময়ে নির্বাচন হবে এবং বিএনপিসহ সব দল ওই নির্বাচনে অংশ নেবে। সবার অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের ভোটেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।’ তিনি বলেন, সেনাবাহিনী, তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত সরকার রাজনৈতিক সরকারের বিকল্প হতে পারে না। নির্বাচনের বিকল্প সেনাবাহিনী বা তত্ত্বাবধায়ক সরকার নয়।
সৈয়দ আশরাফ বলেন, একটি গণতান্ত্রিক সরকারের ধারাবাহিক আরেকটি গণতান্ত্রিক সরকার। একটি নির্বাচিত সরকারের ভুল-ত্রুটি হতে পারে। সেগুলো শোধরানোর দায়িত্ব রাজনৈতিক সরকারের। সেনাবাহিনী, তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত সরকারের নয়। ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি কোনো সময় সুখকর নয়। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমরা সবার অংশগ্রহণ চাই। এখন যে যাই বলুক, আশা করি সবাই নির্বাচনে অংশ নেবে। বাংলাদেশে নির্বাচনের কোনো বিকল্প নেই।’
আগামী নির্বাচন সামনে রেখে ঈদের পর দুর্বার গতিতে সাংগঠনিক কর্মকাণ্ড চলবে উল্লেখ করে সৈয়দ আশরাফ দলের নেতা-কর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ঈদের পর সাংগঠনিক সফর শুরু হবে। সে সফর হবে নির্বাচনী প্রস্তুতি সামনে রেখেই।
প্রচার উপপরিষদের আহ্বায়ক প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বাংলাদেশের মিডিয়া সব সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষে জোরালো ভূমিকা রেখেছে। এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থানও স্পষ্ট। মিডিয়া ও আওয়ামী লীগের লক্ষ্য এক।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, সুজিৎ রায় নন্দী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, সাংবাদিক শফিকুর রহমান, সোহরাব হাসান, শ্যামল দত্ত, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার প্রমুখ।
যুবলীগের সংবাদ সম্মেলন: প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের একটি অংশ প্রচার করে বিএনপি বিভ্রান্তি ছড়াতে চাইছে বলে অভিযোগ করেছে আওয়ামী যুবলীগ। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, সাম্প্রতিক কিছু জরিপের ভিত্তিতে জয় আশাবাদ ব্যক্ত করেন, জনগণ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। এই বক্তব্য অনেকটা বারাক ওবামার নিউইয়র্কে দেওয়া নির্বাচনী বক্তব্যের মতো। ওই বক্তব্যে ওবামা বলেছিলেন, ‘আমি নিশ্চিত আমাকে জনগণ আবার নির্বাচিত করবে।’