তথ্য পাওয়া যায় না মানা হয় না নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ও ধামরাই এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিনটি সরকারি প্রতিষ্ঠানে তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য পাওয়া যায়নি। দুটি সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য সরবরাহ করা হলেও নিয়ম মানা হয়নি।সাভার পৌরসভা: প্রথম আলোর এই প্রতিবেদক গত মে মাসে সাভার পৌরসভার কয়েকজন কর্মকর্তার কাছে পৌর এলাকার রেডিও কলোনি থেকে নামাবাজার ও রাবেয়া ক্লিনিক থেকে আমতলী পর্যন্ত সড়কের সংস্কারকাজের তথ্য চান। কিন্তু রানা প্লাজা ধসের ঘটনায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার হওয়ার কথা বলে কোনো তথ্য দেওয়া হয়নি। ২৭ মে তথ্য অধিকার আইনে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (তথ্য প্রদান) বরাবর আবেদন করা হয়। কিন্তু পৌরসভায় এ ধরনের কোনো কর্মকর্তা নেই বলে প্রথমে কেউ আবেদন গ্রহণ করতে চাননি। পরে পৌরসভার পত্রগ্রহণ শাখায় আবেদনপত্রটি রেখে ৬ জুন তথ্য সরবরাহ করা হয়।নিয়ম অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য সরবরাহের কথা থাকলেও তথ্য সরবরাহ করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল কাদের। আইনে তথ্য প্রদানের সময় ‘তথ্য অধিকার আইন, ২০০৯-এর অধীনে তথ্য সরবরাহ করা হয়েছে’—প্রত্যয়ন করে দাপ্তরিক সিল-স্বাক্ষর দেওয়ার কথা বলা হলেও তা করা হয়নি।এ প্রসঙ্গে পৌরসভার শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘তথ্য অধিকার আইন সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। এই প্রথম আপনার আবেদন পেয়ে এ আইন বিষয়ে অবগত হয়েই তথ্য প্রদানের ব্যবস্থা করা হয়।’ তথ্য প্রদানের জন্য পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে, তিনি তা বলতে পারেননি।এরপর গত ২০ জুন সাভার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পৌর এলাকায় অনুমোদিত পাকা ভবনের সংখ্যা এবং কয়টি পাঁচ, ছয়, সাত, আট, নয় ও দশতলা ভবন আছে তা জানতে আবেদন করা হয়। আবেদনে পৌরসভার উত্তরপাড়ার ১৩২/বি হোল্ডিং নম্বরের বিসমিল্লাহ টাওয়ারের কয় তলার অনুমোদন আছে, ভবনটির নির্মাণকাজ শুরুর পর কী অভিযোগে কাজ বন্ধের নির্দেশ দিয়েছিল, পৌরসভা এবং কেন পুনরায় অনুমতি দেওয়া হলো, তাও জানতে চাওয়া হয়। কিন্তু ২০ কর্মদিবস পার হওয়ার পরও পৌরসভা থেকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি।ধামরাই থানা: ধামরাই উপজেলা থেকে ২০১১, ২০১২ ও ২০১৩ সালে পুলিশের কনস্টেবল পদে যাঁরা নিয়োগ পেয়েছেন তাঁদের নাম ও ঠিকানা জানতে চেয়ে গত ২০ এপ্রিল ধামরাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে ২৭ মে ঢাকা জেলার পুলিশ সুপারের কাছে আপিল করা হয়। এর পরও তথ্য না দেওয়ায় ১০ জুলাই তথ্য কমিশনে অভিযোগ করা হয়।ধামরাইয়ের পিআইও: গত মে মাসে ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ কুমারের কাছে ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবছরের কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের তথ্য চাওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন তিনি। তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়া হয়েছে জানালে দিলীপ বলেন, ‘যত আইনই থাকুক না কেন, বসের অনুমতি ছাড়া কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।’ইউএনও যা বলেন: ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, ‘প্রথম আলোর পক্ষ থেকে আপনি ছাড়া আর কোনো নাগরিক উপজেলার কোনো দপ্তরে তথ্য চেয়ে আবেদন করেছেন কি না, তা আমার জানা নেই। সচেতনতার অভাবেই তথ্য চেয়ে কেউ আবেদন করেন না। আবার কোনো নাগরিক মৌখিকভাবে তথ্য পাওয়ার ইচ্ছা পোষণ করলেও সরকারি বা বেসরকারি কর্মকর্তাদের অজ্ঞতার কারণে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তাঁরা।’সাটুরিয়া এলজিইডি: সাটুরিয়ার পৌলশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ-সংক্রান্ত তথ্য চেয়ে গত ২০ জুন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাবর আবেদন করা হয়। ২৪ জুন উপসহকারী প্রকৌশলী বাবুল আখতার তথ্য সরবরাহ করলেও দাপ্তরিক সিল ছাড়া সাদা কাগজে স্বাক্ষর করে তথ্য সরবরাহ করেন।বাবুল আখতার ওই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কি না জানতে চাইলে বলতে পারেননি উপজেলা প্রকৌশলী জিয়াউর রহমান।