তথ্য প্রচারে নাম না রাখায় সুজনকে উকিল নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উকিল নোটিশ পাঠিয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাচনে জামানত হারানো এক প্রার্থী। ভোটারদের কাছে বিতরণ করা সুজনের তথ্যে ওই প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
ওই প্রার্থীর নাম সালাহ উদ্দিস বিশ্বাস। তিনি পেশায় আইনজীবী। এবার গোদাগাড়ী উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। গত শনিবারের উপজেলা নির্বাচনে মাত্র ৭৪৩ ভোট পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়।
সালাহ উদ্দিন বিশ্বাস বলেন, রোববার সুজনের সভাপতি হাফিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের কাছে উকিল নোটিশ পাঠানো হয়েছে। এতে তিনি অভিযোগ করেছেন, সুজন নির্বাচনের আগে নির্বাচনী এলাকায় প্রার্থীদের যে তথ্য প্রচার করে, তাতে প্রার্থী হিসেবে তাঁর নাম ছিল না। এতে তাঁর ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা না দিলে তিনি তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।
সুজনের রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী সুব্রত কুমার পাল বলেন, তাঁরা ভোটারদের কাছে প্রার্থীদের তথ্য তুলে ধরেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ১২ মার্চ পর্যন্ত সালাহ উদ্দিন বিশ্বাসের নাম ছিল না। গতকাল নোটিশের বিষয়টি জানার পর তাঁরা ওয়েবসাইটে ঢুকে তাঁর নাম পেলেও পূর্ণাঙ্গ তথ্য পাননি।
রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তাঁর কার্যালয়ে প্রার্থী সালাহ উদ্দিনের হলফনামা রয়েছে। তবে ওয়েবসাইটের বিষয়টি দেখার দায়িত্ব তাঁর নয়।