তথ্য প্রদানে ভীত না হওয়ার আহ্বান
তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহণে দিনাজপুরে এক মতবিনিময় সভা হয়েছে। সভায় তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভীত না হওয়ার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার সকালে এ সভা হয়েছে।
জেলা তথ্য কার্যালয় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। সভায় তথ্য অধিকারবিষয়ক জেলা উপদেষ্টা কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।
সভায় আহমদ শামীম আল রাজী বলেন, তথ্য অধিকার আইনের মূল লক্ষ্য হলো সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। পাশাপাশি দুর্নীতি কমিয়ে আনা। আইনটি সম্পর্কে ভালোভাবে জানতে ও তথ্য প্রাপ্তির ক্ষেত্রে জনগণের অধিকার নিশ্চিত করতে তিনি তথ্য প্রদানকারী কর্মকর্তাদের অনুরোধ করেন।
তথ্য অধিকারবিষয়ক জেলা উপদেষ্টা কমিটির সদস্য ও পুলিশ সুপার দিনাজপুর মো. রুহুল আমিন তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভীত না হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সাংবাদিকসহ আবেদনকারীদের যথাযথভাবে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
আলোচনায় আরও অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হামিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপপরিচালক ইরফান আলী চৌধুরী, দিনাজপুর জেলা তথ্য কার্যালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন প্রমুখ। তাঁরা তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তারিত আলোচনা ও নির্দেশনার জন্য তথ্য প্রদানকারী কর্মকর্তাদের নিয়ে কর্মশালা আয়োজনে জেলা তথ্য কার্যালয়কে অনুরোধ করেন।