তথ্য প্রদানে মানসিকতার পরিবর্তন করতে হবে
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ বলেছেন, তথ্য প্রদানের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের ঝুঁকি থাকবে, সমস্যাও থাকবে, তার পরও মনমানসিকতা পরিবর্তন করতে হবে। দাপ্তরিক গোপনীয়তা আইন (অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট) থাকার পরও যেহেতু তথ্য অধিকার আইন হয়েছে, বুঝতে হবে সমাজের চাহিদা আছে বলেই এই পরিবর্তন আসছে।
রাজধানীর কাকরাইলে অডিট ভবনে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভায় মাসুদ আহমেদ আজ সোমবার এ কথা বলেন। সিএজি কার্যালয় ছাড়াও এ যৌথ সভায় অংশ নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক), তথ্য কমিশন ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট।
তথ্য প্রদানের জন্য সাংবাদিকেরা অনেক সময় চাপ দেন, সভার আলোচনায় উঠে আসা এ ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মাসুদ আহমেদ বলেন, সাংবাদিকদের এভাবে দোষারোপ করা ঠিক নয়। খবর বের করে আনা তাঁদের কাজ। সেটা করতে গিয়ে যদি চাপ মনে হয়, সে জন্য তাঁদের দোষ দেওয়া যায় না। তথ্য প্রদানকারীর কাজ নিজেদের সীমারেখা বুঝে তথ্য দেওয়া। তবে এটা ঠিক, তথ্য দেওয়ার ক্ষেত্রে দক্ষতার ঘাটতি আছে।
দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, ‘আমরা সবাই সুশাসন চাই। কিন্তু প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব নয়। আমরা সবাই জনগণের কথা বলি, কিন্তু জনগণই যদি জানতে না পারে কী হচ্ছে না হচ্ছে, তাহলে সুশাসন সম্ভব নয়।’
প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক বলেন, তথ্য অধিকার আইন হওয়ার পর তথ্য কমিশন এই আইনের এক লাখ কপি সারা দেশে বিতরণ করেছে। দুর্নীতি রোধ করার জন্য তথ্য আদান-প্রদান খুবই দরকার।
মতবিনিময় সভায় অবস্থানপত্র উপস্থাপন করেন বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম জসীম উদ্দিন। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সহসভাপতি এম হুমায়ুন কবির।