তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ প্রচার বন্ধে আইন করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ প্রচার বন্ধে নতুন আইন প্রণয়ন করার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গণমাধ্যমের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়কে এ আইন প্রণয়ন করতে বলা হয়েছে। ওই আইনে তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ করা হলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব করা হয়েছে।গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এ সুপারিশ ও প্রস্তাব করা হয়। কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, হামিদা বানু ও আজিজুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।সভায় এক প্রস্তাবে বলা হয়, সরকারের সব কাজের জবাবদিহি থাকা উচিত বলে গণমাধ্যম সব সময় বলে আসছে। অথচ অনেক সময়ই সঠিক তথ্য ছাড়া তারা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখছে বা প্রচার করছে। তাই গণমাধ্যমেরও দায়বদ্ধতা থাকা উচিত। কারণ সঠিক তথ্য ছাড়া কোনো সংবাদ প্রচার হলে তা হবে সংবিধান লঙ্ঘন এবং দণ্ডনীয় অপরাধ। সভা শেষে কমিটির সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থেই এ ধরনের একটি আইন প্রয়োজন, যাতে কেউ সাংবাদিকতার নামে অসত্য তথ্য প্রকাশ করতে না পারেন।সভায় চিলহাটি স্থলবন্দর পুনরায় চালু করার জন্য নৌমন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে জরুরি ভিত্তিতে ছয়টি অচল জাহাজের বিষয়টি যাচাই করে কার্যকর পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয়।সভায় ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে ও বন্দরের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিনা খরচে ড্রেজিংয়ের (খনন) ব্যবস্থা করার সুপারিশ করা হয়। অপর দিকে কর্ণফুলী নদীর ড্রেজিংসহ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নামমাত্র মূল্যে গাড়ি বিক্রয়ের বিষয়ে কমিটিকে অবহিত করতে বলা হয়েছে।আইন সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক: ফৌজদারি কার্যবিধি সংশোধন করে গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে সাংবাদিকদের কেন সমন জারি করে আদালতে আনতে হবে তা জানতে চেয়েছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সংসদ ভবনে কমিটির সভায় এটি জানতে চাওয়া হয়। সভায় ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল-২০১০ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আইন মন্ত্রণালয়ে কয়েক সপ্তাহ ধরে সচিবের পদ শূন্য থাকায় এর সমালোচনা করা হয়।সভা শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, সাংবাদিকেরা কেন এমন সুযোগ পাবেন। হঠাত্ করে এই সময় আইনটি আসারই বা যৌক্তিকতা কী? তিনি বলেন, ‘সাংবাদিকদের যদি এই সুবিধা দেওয়া হয়, তাহলে আমরা কী পাপ করেছি? আর যখন সাংবাদিকেরা হয়রানি করেন, তখন আমরা কোথায় যাব? প্রেস কাউন্সিল, ওটা তো বাঁচা ও মরার মাঝখানে।’কমিটির সভাপতি বলেন, সচিব ছাড়া আইন মন্ত্রণালয়ের কোনো কাজকর্ম চলতে পারে না। কমিটি সংস্থাপন সচিবের কাছে এর জবাব চেয়েছে। আগামী বৈঠকে সচিবকে আসতে বলা হয়েছে। বৈঠক গতকাল মুলতবি করা হয়েছে।