তথ্য-প্রযুক্তি অধ্যাদেশ বাতিলের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশ সংশোধনের দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় ষ ছবি: প্রথম আলো
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশ সংশোধনের দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় ষ ছবি: প্রথম আলো

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশ-২০১৩-এর মাধ্যমে সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে চাইছে। এই আইন রাষ্ট্রের মূল চেতনাবিরোধী। অগণতান্ত্রিকভাবে বাকস্বাধীনতা হরণকারী এই আইন কার্যকর করার চেষ্টা করছে সরকার। আজকে যাঁরা এই আইন প্রণয়ন করছেন, ভবিষ্যতে তা তাঁদের বিরুদ্ধেই ব্যবহূত হবে।
গতকাল সোমবার রাজধানীর শাহবাগে এক প্রতিবাদী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। অনলাইন অ্যাকটিভিস্ট ও মানবাধিকারকর্মীরা এতে বক্তব্য দেন। বক্তারা যত দ্রুত সম্ভব এই আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অনলাইন অ্যাকটিভিস্ট শিপ্রা বোস বলেন, সরকার এই ধরনের কালাকানুন তৈরি করে মুক্তচিন্তার মুখে তালা লাগানোর চেষ্টা করছে। একটি নির্দিষ্ট মহলকে তুষ্ট করতে এই আইন করা হয়েছে মন্তব্য করে তিনি দ্রুত এই আইন বাতিলের দাবি জানান।
নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির বলেন, এই আইনে ৫৪, ৫৫ ও ৫৬ ধারায় সরকার চাইলে যে কাউকে মত প্রকাশের অপরাধে গ্রেপ্তার করতে পারবে। এতে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে হবে না এবং এতে জামিনও হবে না।
অধ্যাপক হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ বলেন, এই আইনটি যদি রাজনীতিবিদদের মুখের লাগাম টানার ওপর ব্যবহূত হতো, তাহলে ভালো হতো। তিনি বলেন, ‘কেউ চুলোচুলি করবেন, লাথালাথি করবেন। আর আমরা তা নিয়ে বলতে পারব না। এগুলো নিয়ে বললে তাঁদের অনুভূতিতে আঘাত হানা হবে। সেই অপরাধে আমাদের গ্রেপ্তার করা হবে। তা আমরা মেনে নিতে পারি না।’
সমাবেশে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা ও অনলাইন অ্যাকটিভিস্টরা বক্তব্য দেন।