তথ্য-প্রযুক্তি আইন মত প্রকাশের অন্তরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন সংশোধন, ২০১৩ দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি সাংবাদিকসহ তথ্য অধিকার কর্মীদের জন্য হুমকিস্বরূপ।
‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) ২০১৩ আইন: ব্যক্তিগত গোপনীয়তা ও মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতা’ বিষয়ে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল আইনটিকে কালো আইন অ্যাখায়িত করে বলেন, নিরাপত্তা ও সন্ত্রাস দমনের নামে কোনোভাবেই অনলাইনে গণহারে নজরদারি করা যাবে না। এ ধরনের কার্যক্রম সমাজে একধরনের ভীতির সংস্কৃতি তৈরি করবে। তিনি বলেন, আইন প্রয়োগকারী বাহিনীর হাতে সীমাহীন ক্ষমতা থাকায় তাদের জবাবদিহির বিষয়টি কী হবে, সে বিষয়ে দিকনির্দেশনা নেই। এর ফলে ব্যক্তিগত পর্যায়ে হয়রানি বৃদ্ধি পাবে।
আলোচনায় বেসরকারি সংগঠন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, সরকারি নিয়ন্ত্রণ থাকতেই পারে, তবে এর মাত্রা কী হবে তার সীমানা নির্ধারণ করতে হবে। তিনি ব্যক্তিগত তথ্য গোপনীয়তার বিষয়ে নীতিমালা প্রণয়নের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে সাত দফা দাবি তুলে ধরেন ফারজানা আক্তার। আলোচনা করেন তথ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের নির্বাহী প্রধান খায়রুজ্জামান কামাল, সামহোয়ারইন ব্লগের ব্যবস্থাপনা পরিচালক গুলশান ফেরদৌসী প্রমুখ। বিজ্ঞপ্তি।