তথ্য বলছে ২৮৪২ মেডিকেল টিম মাঠে, বাস্তবতা অন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

দেশের কোনো জেলায় এখন বন্যা নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম দুর্যোগ ও বন্যার তথ্য দিয়ে চলেছে। কন্ট্রোল রুম বলছে, সারা দেশে দুই হাজার ৮৪২টি মেডিকেল টিম কর্মরত আছে।

এবারের বন্যায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়। এসব জেলায় বন্যার্তদের স্বাস্থ্য সেবায় মেডিকেল টিম গঠন করা হয়েছিল। একটি জেলার সিভিল সার্জন শুক্রবার প্রথম আলোকে বলেন, একটি মেডিকেল টিমে কমপক্ষে তিনজন স্বাস্থ্যকর্মী থাকেন: একজন মেডিকেল অফিসার, একজন সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার ও একজন স্বাস্থ্য সহকারী।

কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী কমপক্ষে ৮ হাজার ৫২৬ জন চিকিৎসা কর্মকর্তা ও কর্মী এখন মাঠে কর্মরত আছেন। কন্ট্রোল রুম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বি মো. শামছুজ্জামান গণমাধ্যমে যে তথ্য পাঠিয়েছেন তাতে এসব আছে। বাস্তবে বন্যার কাজে মাঠে কেউ নেই। স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলছেন, ঘটনা ‘কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই’ এর মতো।

কন্ট্রোল রুম থেকে কী তথ্য নীতি নির্ধারক, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমের কাছে পাঠাচ্ছে তা যাচাই করে দেখা হয় না।

কন্ট্রোল রুম ৩৩টি জেলার হিসেব দিয়েছে। সবচেয়ে বেশি মেডিকেল টিম কাজ করছে ময়মনসিংহ জেলায়। জেলায় ১৫৮টি মেডিকেল টিমের কর্মরত থাকার কথা বলা হয়েছে।

বন্যা হলে অসহায় কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। বন্যার পর সরকার সেসব আশ্রয় কেন্দ্র বন্ধ করে দেয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ৫১৫টি আশ্রয় কেন্দ্র চালু ছিল। এর মধ্যে শরীয়তপুর জেলায় চালু আছে ২৯৯টি।

শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে বন্যার সময় ৬৮টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছিল। এখন সবগুলো গুটিয়ে নেওয়া হয়েছে।

তা হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম এসব তথ্য কোথায় পেল?

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম পরিচালিত হয় অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের তত্ত্বাবধানে। স্বাস্থ্য তথ্য ইউনিটের উপ-প্রধান ও কন্ট্রোল রুম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বি মো. শামছুজ্জামান প্রথম আলোকে বলেন, এসব তথ্য বিভিন্ন জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে পাঠানো হয়। বিভাগীয় কার্যালয় থেকে সেই তথ্য কন্ট্রোল রুমে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক চারটি জেলার সিভিল সার্জন প্রথম আলোকে বলেছেন, এসব তথ্য তারা পাঠাননি।