তথ্য বিল পাস, পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা পেল পুলিশ

তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে শাস্তির মেয়াদ বাড়িয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) বিল-২০১৩ আজ রোববার সংসদে পাস হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
গত ২০ আগস্ট ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের সংশোধনে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
বিলে শাস্তির মেয়াদ বাড়িয়ে কমপক্ষে সাত বছর এবং সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান করা হয়েছে। ২০০৬ সালের পাস হওয়া এ আইনে সর্বোচ্চ সাজার বিধান ছিল ১০ বছর। বিলে পুলিশকে কোনো রকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তথ্য ও প্রযুক্তি অপরাধসংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রস্তাবিত আইনে কিছু অপরাধ জামিন-অযোগ্য করা হয়েছে। আগের আইনে সব অপরাধ জামিনযোগ্য ছিল। আগের আইনে মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হতো। কিন্তু নতুন আইনে পুলিশ অপরাধ আমলে নিয়ে মামলা করতে পারবে।
যুদ্ধাপরাধীদের ভোটার অযোগ্য করে বিল পাস
বাহাত্তরের দালাল আইন ও আন্তর্জাতিক অপরাধ আইনে সাজা পাওয়াদের ভোটার হওয়ার অযোগ্য ঘোষণা করে আজ ভোটার তালিকা (সংশোধন) বিল ২০১৩ জাতীয় সংসদে পাস হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন।
বিলটি আইনে পরিণত হলে দালাল আইনে সাজা পাওয়া যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে সাজা পাওয়া ব্যক্তিরা ভোটার হওয়ার যোগ্য হবেন না। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী ভোটার না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
এ ছাড়াও জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) বিল-২০১৩ পাস হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলটি আইনে পরিণত হলে ১৮ বছরের কম বয়সীরাও জাতীয় পরিচয়পত্র পাবে। এ ছাড়া প্রস্তাবিত আইনে নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা তথ্য-উপাত্ত তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ ও গোপনীয়তা রক্ষার বিধান রাখা হয়েছে। কোনো ব্যক্তি বা নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য বা উপাত্তের বিষয়ে গোপনীয়তা লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত হবেন।