তথ্য মন্ত্রণালয়কে নিহতদের তালিকা দেয়নি অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের গত ৫ মের সমাবেশ ছত্রভঙ্গ করার অভিযানে ‘নিহতদের’ নাম-ঠিকানা তথ্য মন্ত্রণালয়কে দেয়নি মানবাধিকার সংগঠন অধিকার। বরং তথ্যমন্ত্রী বরাবর দেওয়া এক চিঠিতে তারা বলেছে, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হলে সেই কমিশনের কাছে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা হস্তান্তর করা হবে।গত ১০ জুন অধিকারের প্রকাশিত এক তথ্যানুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছিল, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ছত্রভঙ্গ করার অভিযানে ৬১ জন নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় অধিকারের কাছে ওই ৬১ জনের নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ তালিকা চেয়ে চিঠি দিয়েছিল। ওই চিঠির জবাবে গতকাল বুধবার অধিকারের দেওয়া ব্যাখ্যায় কমিশন গঠনের কথা বলা হয়। তবে ওই ব্যাখ্যাসংবলিত চিঠির সঙ্গে অধিকার তাদের তথ্যানুসন্ধান প্রতিবেদনটি তথ্য মন্ত্রণালয়কে দিয়েছে।গতকাল বুধবার মন্ত্রণালয়ে ডাকযোগে ব্যাখ্যা পাঠায় অধিকার। সংগঠনের পরিচালক এ এস এম নাসির উদ্দিনের সই করা ওই ব্যাখ্যায় বলা হয়, ভিকটিম ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার কোনো আইন দেশে নেই। তাই ভিকটিমদের নিরাপত্তা বিধান তাদের কর্তব্য। সেই বিবেচনায় নিহতদের তালিকা দেওয়া যাচ্ছে না। জানতে চাইলে তথ্যমন্ত্রীর একান্ত সচিব শহীদুল হক ভূঁঞা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গতকাল পর্যন্ত তাঁরা অধিকারের ব্যাখ্যাসংবলিত চিঠি পাননি।