তথ্য যাচাইয়ের জন্য তিনটি দল ঢাকার বাইরে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত তদন্ত সংস্থা আবারও মাঠপর্যায়ে অনুসন্ধানে নামছে। সেফ হোমে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্য যাচাই এবং কয়েকজন সাক্ষীর সঙ্গে কথা বলতে চলতি সপ্তাহেই তদন্ত সংস্থার তিনটি দল ঢাকার বাইরে যাচ্ছে। এরপর আরও কয়েকটি জেলা সফর করবে তদন্ত সংস্থার সদস্যরা। জানতে চাইলে তদন্ত সংস্থার সমন্বয়কারী আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাইয়ের জন্য পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় যেতে হবে। এর আগে মাঠপর্যায়ে অনুসন্ধানে যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে তাও খতিয়ে দেখা হবে। তদন্ত নিখুঁত ও প্রশ্নহীন রাখার জন্যই আরও অনুসন্ধান করা হচ্ছে।তদন্ত সংস্থার এক কর্মকর্তা জানান, আজ বুধবার এম সানাউল হকের নেতৃত্বে একটি দল দুই দিনের জন্য কিশোরগঞ্জ যাচ্ছে। শুক্রবার আবদুল হান্নান খানের নেতৃত্বে আরেকটি দল সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে গিয়ে প্রায় এক সপ্তাহ অনুসন্ধান চালাবে। তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনের নেতৃত্বে অপর দলটি ঝালকাঠি যাবে। পর্যায়ক্রমে রংপুর, পাবনা, পিরোজপুর ও চট্টগ্রামে অনুসন্ধানের তারিখ ঠিক করা হবে। এ তদন্তের শুরুর দিকে প্রসিকিউটর ও তদন্ত সংস্থার সদস্যরা ঢাকার বাইরে প্রথমে খুলনার চুকনগরে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে যান। এরপর তাঁরা খুলনা, চট্টগ্রাম, পিরোজপুর, কুমিল্লা ও ময়মনসিংহ জেলায় অনুসন্ধান চালান। পরে শেরপুর, কুমিল্লা, বাগেরহাট ও পাবনা জেলায় গিয়েও তদন্ত সংস্থা তথ্য সংগ্রহ করে। তদন্ত সংস্থার একাধিক সূত্র জানায়, নিজামী ও মুজাহিদকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে ব্যাপক অগ্রগতি হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রথম পর্বে তাঁদের তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত, ভিডিওচিত্র ও ছবি এবং পত্রিকার কাটিং দেখানো হয়েছে। তবে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে খুব বেশি লাভ হয়নি। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না দাবি করে অভিযোগ অস্বীকার করেন। তাঁর বিরুদ্ধে আরও তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য তদন্ত সংস্থা চট্টগ্রামে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুসারে, সাঈদীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ৩১ মের মধ্যে ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। আগামী ১ জুন নিজামীসহ জামায়াতের চার নেতার ও ১৯ জুন সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিতে হবে।