গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সঠিক তথ্যপ্রবাহের কোনো বিকল্প নেই। এ জন্য তথ্যকে মানুষের কাছে সহজলভ্য করতে হবে। কেউ যেন তথ্য চেয়ে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। তথ্য লুকানোর সংস্কৃতির বদলে তথ্য প্রকাশের সংস্কৃতি চালু করতে হবে। বিষয়টি পর্যবেক্ষণের জন্য তথ্য কমিশনকেও কার্যকর করতে হবে।‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের এক বছর: বর্তমান ও ভবিষ্যত্ কর্মপন্থা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এ সেমিনারের আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সুশাসন ও সঠিক গণতন্ত্রের জন্য অবাধ তথ্যপ্রবাহ দরকার। বর্তমান সরকার তথ্যপ্রবাহে বিশ্বাস করে। এ কারণে ক্ষমতায় এসেই সরকার তথ্য অধিকার আইন করেছে। গঠন করা হয়েছে তথ্য কমিশন।তথ্যমন্ত্রী বলেন, তথ্য কমিশনের বাজেটে নানা সমস্যা আছে। কিন্তু রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে না। বর্তমান সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। এবার বাজেটসহ অন্যান্য বরাদ্দ দেওয়া হবে কমিশনকে। এ ছাড়া তথ্য অধিকারের ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ চলছে। মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে তথ্য গোপন করার যে সংস্কৃতি আছে, সেটি বদলাতে হবে। এ জন্য যথাযথ প্রশিক্ষণও দেওয়া হবে।অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তথ্য অধিকার আইনের মাধ্যমে তথ্য গোপন করার সংস্কৃতি থেকে তথ্য প্রকাশের সংস্কৃতি চালু হয়েছে। সর্বস্তরে এটি চালু করতে হবে। এ দেশের আশি ভাগ মানুষ তথ্য অধিকার সম্পর্কে জানে না। তাদের সেটি জানাতে হবে।তথ্যসচিব কামাল আবদুল নাসের বলেন, তথ্য অধিকার আইনের আওতায় এরই মধ্যে সরকারি দপ্তরগুলোতে এক হাজার ৬০০ জনকে তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য অধিকার নিয়ে বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। প্রবিধানটিও খুব দ্রুত জারি করা হবে।নতুন নিয়োগ পাওয়া প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, জনগণ যেন তথ্য পায়, সে জন্য তিনি সচেষ্ট থাকবেন। অনুষ্ঠানের সঞ্চালক শাহীন আনাম বলেন, স্বাধীনভাবে তথ্য কমিশনকে কাজ করতে দিতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান। বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, তথ্য কমিশনের সচিব নেপাল চন্দ্র সরকার, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম প্রমুখ।