তথ্য লুকিয়ে আবার রিট, আইনজীবীর সনদ বাতিলের নির্দেশ
তথ্য গোপন করে রিট আবেদন করায় সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ হামিদের সনদ বাতিল করতে বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আরেক আইনজীবী আবদুর রবকে বিশেষভাবে সতর্ক করে দিয়েছেন আদালত। একই ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় অপর দুই আইনজীবী জামিলুর আক্তার ও মো. আবদুল খালেককে ক্ষমা করে দেওয়া হয়। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। পাশাপাশি রিট আবেদনকারী আফসার হোসেন, সারওয়ার জাহান ও তদবিরকারক জেড এ বকুলকে ২ জুন আদালতে হাজির হতে বলা হয়েছে।জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সাহাপাড়া পরভীন সরণি গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আফছার হোসেন ও অধ্যক্ষ সারওয়ার জাহান হাইকোর্টে রিট করেন। তাতে এডহক কিমিটি, রাজশাহী শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়। ১৫ এপ্রিল বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ রিটটি খারিজ করে দেন। কিন্তু এ তথ্য গোপন করে পৃথক আদালতে ফের রিট করা হয়।১৩ মে বিষয়টি আদালতের নজরে আনেন এডহক কমিটি ও রাজশাহী শিক্ষা বোর্ডের আইনজীবী মাহমুদ হাসান। ওই দিন আদালত পেশাগত অসদাচরণের অভিযোগে চার আইনজীবীর সনদ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। পাশাপাশি ছয়জনের প্রতি আদালত অবমাননার রুল জারি করা হয়। ২৪ মে চার আইনজীবী আদালত অবমাননার জন্য ক্ষমা প্রার্থনা করেন। ওই দিন আদালত সনদ বাতিলের বিষয়ে রুলের শুনানি গ্রহণ করে ২৬ মে শুনানির দিন ধার্য করেন।আদালতে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, তথ্য গোপন করায় একজন আইনজীবীর সনদ বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের এই চারজন আইনজীবীর কার্যক্রম বাংলাদেশ বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির রেকর্ডে নথিভুক্ত করতে বলা হয়েছে।মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, সনদ বাতিল ও আদালত অবমাননার রুলের শুনানি শেষে গতকাল আদালত এক আইনজীবীকে সতর্ক করে দিয়ে দুজনকে ক্ষমা করে দিয়েছেন। তবে রিট আবেদনকারী দুজন ও তদারককারীকে ২ জুন আদালতে হাজির হতে বলা হয়েছে। জারি করা হয়েছে আদালত অবমাননার রুল।