তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক অবরুদ্ধ
মৌলভীবাজারের কুলাউড়ার তেলীবিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে ১৫ জানুয়ারি প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান ও ইত্তেফাক প্রতিনিধি নূূরুল মোহাইমিন প্রধান শিক্ষকের স্বজনদের হাতে এক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরে গ্রামবাসী তাঁদের মুক্ত করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দুই সাংবাদিক প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে ওই দিন দুপুর আড়াইটায় তেলীবিল উচ্চবিদ্যালয়ে যান। এ সময় প্রধান শিক্ষক নোমান আহমদের ভাগ্নে লিমন ও জাহেদসহ ১০-১২ জন যুবক সেখানে এসে মুজিবুর ও নূরুলকে মারধরের চেষ্টা চালায় এবং ফেরার সময় বিদ্যালয়ের প্রবেশপথে এক ঘণ্টা অবরোধ করে রাখে। জটলা দেখে গ্রামের লোকজন ছুটে এসে তাঁদের ছাড়িয়ে আনে।নোমান আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মঈন উদ্দীন, আলমাছ আলী ও তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।