তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গতকাল মঙ্গলবার তথ্য সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ সময় দুর্বৃত্তরা সাংবাদিকদের কাছ থেকে একটি ভিডিও ও দুটি ডিজিটাল ক্যামেরা এবং চারটি মুঠোফোন ছিনিয়ে নেয়।পরে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন। পুলিশ দুটি মুঠোফোন ছাড়া অন্য মালামাল উদ্ধার করতে পেরেছে।নির্যাতিত দুই সাংবাদিক হলেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম ও এনটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম।এ ঘটনায় আলমডাঙ্গা থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত পুলিশ দুর্বৃত্তদের আটক করতে পারেনি।আহত দুই সাংবাদিক বলেন, আলমডাঙ্গার আটকপাট স্থানে জিকে সেচখালের দুই ধারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা ইজারা নিয়ে ইপিল ইপিল গাছ লাগায় স্থানীয় বেসরকারি সংস্থা সোর্স। কিন্তু আবদুল মান্নান ওরফে রতন নামের এক প্রবাসফেরত ব্যক্তি নিজেকে ইজারাদার দাবি করে ১৫-২০ দিন ধরে শতাধিক ইপিল ইপিল গাছ কাটছেন। এ নিয়ে প্রকৃত ঘটনা যাচাই ও সরেজমিন প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে গতকাল দুই সাংবাদিক জিকে খাল এলাকায় যান।থানায় করা সাংবাদিকদের জিডিতে বলা হয়েছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জিকে সেচখালের উভয় পাশে শতাধিক শ্রমিক ইপিল ইপিল গাছ কাটছিলেন। এনটিভি ও প্রথম আলোর প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে ভিডিও ফুটেজ নেন এবং ছবি তোলেন। ছবি তোলার পর গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক ও লোকজন ধারালো অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে এসে সাংবাদিকদের চারটি মুঠোফোন, একটি ভিডিও ক্যামেরা ও দুটি ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নেয়। তারা দুই সাংবাদিককে চ্যাংদোলা করে জিকে খালের পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে বন্দী করে রাখে। এ সময় তারা সাংবাদিকদের কিলঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মেরে জখম করে। একপর্যায়ে আবদুল মান্নান একটি সাদা মাইক্রোবাসে করে তিন-চারজন যুবক নিয়ে ঘটনাস্থলে এসে দুই সাংবাদিককে গালাগাল করেন এবং লাঠিসোঁটা দিয়ে মারতে উদ্যত হন। যুবকেরা সাংবাদিকদের জবাই করার নির্দেশ দেন উপস্থিত শ্রমিকদের। শ্রমিকেরা দুই সাংবাদিককে মাটিতে শুইয়ে ফেলেন।এ সময় আকস্মিকভাবে আলমডাঙ্গা থানার এসআই দাউদ হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রধারীদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিকদের আটকে রাখার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি পুলিশ পাঠাই। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’সোর্সের সভাপতি শেফালী আক্তারী প্রথম আলোকে বলেন, ‘জিকে সেচখালের দুই ধারের জায়গা গাছ লাগানোর জন্য ২০০৪ সালের ১ আগস্ট আমরা পাউবোর কাছ থেকে ইজারা নিই। এরপর রাস্তার দুই পাশে নয় কিলোমিটার এলাকায় ইপিল ইপিল গাছ লাগাই। ইজারার মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত। কিন্তু স্থানীয় আবদুল মান্নানের নেতৃত্বে তাঁর লোকজন ১৫-২০ দিনে ২০ থেকে ৩০ লাখ টাকার গাছ অবৈধভাবে কেটেছে এবং এখনো কাটছে। এ জন্য আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার, আলমডাঙ্গা থানার ওসি ও পাউবোর কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু গাছ কাটা বন্ধ হয়নি। এখন আমাদের পথে বসার জোগাড় হয়েছে।’এ ব্যাপারে আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘১৯৯২ সালে আমি পাউবোর কাছ থেকে ইজারা নিয়ে গাছ লাগিয়েছি। এখন আমার গাছ আমি কাটব। আর আজ (গতকাল) আমার নেতৃত্বে কোনো ঘটনা ঘটেনি। সাংবাদিকদের আটকে রাখার সময় আমি ছিলামও না।’