মানবতাবিরোধী অপরাধ তদন্তে তথ্য সংগ্রহ করতে বাংলা একাডেমী ও জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল মঙ্গলবার প্রধান তদন্তকারী কর্মকর্তা আবদুল মতীনের নেতৃত্বে চার সদস্যের একটি দল প্রথমে বাংলা একাডেমী ও পরে জাতীয় জাদুঘরে গিয়ে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষের কাছে এ সহযোগিতা চান। যোগাযোগ করা হলে আবদুল মতীন প্রথম আলোকে বলেন, ‘তদন্তের এ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। তথ্য সংগ্রহের জন্য আমরা দুটি প্রতিষ্ঠানে গিয়েছি। একাত্তর সালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য চাওয়া হয়েছে। দুটি প্রতিষ্ঠানই তথ্য সরবরাহের আশ্বাস দিয়েছে। তথ্য সংগ্রহ শেষে ঘটনার সম্পৃক্ততা বিশ্লেষণ করে অভিযোগ আইনজীবীর (প্রসিকিউটর) মাধ্যমে ট্রাইব্যুনালে পেশ করা হবে।’ উল্লেখ্য, গত ৩০ মার্চ মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য এ তদন্ত সংস্থা গিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরে।