তথ্য সরবরাহ করার নির্দেশ
তথ্য অধিকার আইনের আওতায় তথ্য সরবরাহের জন্য পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। চিঠিতে জেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) তথ্য সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শান্তিরঞ্জন বৈদ্য জানান, চিঠি পাওয়ার পর তাঁদের কার্যালয় থেকে তথ্য সরবরাহ নিশ্চিত করতে জেলার আটটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওই চিঠির অনুলিপিসহ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘খাতওয়ারি ব্যয়ের তথ্য জেলা কার্যালয়ে নেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য পটুয়াখালীর আট উপজেলায় ২০১২-১৩ অর্থবছরে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি ও নন-ওয়েজ কস্ট প্রকল্পে দুই দফায় ওই দুই প্রকল্পের বরাদ্দের অর্থ উপজেলাগুলোতে কোন কোন প্রকল্প খাতে ব্যয় করা হয়েছে, তার তালিকা ও কাজের অগ্রগতির তথ্য জানতে গত ২৬ আগস্ট জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়া হয়। কিন্তু পুরো তথ্য সরবরাহ করা হয়নি। এমনকি তারা চিঠির মাধ্যমে এই তালিকা সংশ্লিষ্ট উপজেলা থেকে সরবরাহের কথা বললেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে তা সরবরাহ করা হয়নি।