তথ্য-সাক্ষরতায় দক্ষতা দরকার
‘তথ্য অধিকার সম্পর্কে জানতে, বুঝতে ও সচেতন হতে হলে তথ্য-সাক্ষরতায় দক্ষতা অর্জন করতে হবে। তোমাদের পড়ালেখায় বেশি মনোযোগী হতে হবে। ক্ষমতাকে জ্ঞান হিসেবে দেখতে হবে।’কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ‘তথ্য-সাক্ষরতা ও জাতিসংঘ সাক্ষরতা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনার সাদেকা হালিম এসব কথা বলেন। জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক)-ঢাকা এবং সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ-(সিস), ঢাকার উদ্যোগে শনি ও রোববার কোর্সটি পরিচালিত হয়।ইউনিকের অধিকর্তা কাজী আলী রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মু. মেজবাহ-উল-ইসলাম ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মিনহাজ উদ্দীন আহাম্মদ, ইউনিকের প্রধান গ্রন্থাগারিক মো. মনিরুজ্জামান কোর্সটি পরিচালনা করেন। কাজী আলী রেজা জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, ‘তথ্য হলো জ্ঞান ও শক্তির প্রতীক।’ অতিথিরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তথ্য-সাক্ষরতা অভিযানকে পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি এম এ জলিল সভাপতিত্ব করেন। সমাপনী অনুষ্ঠানে ৩০ জন ছাত্রছাত্রীর মধ্যে সনদ বিতরণ করেন অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক। ‘উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরী স্মৃতি পরিষদ’-এর পৃষ্ঠপোষকতায় কোর্সটি সম্পন্ন হয়।