তথ্যকেন্দ্রে তথ্য থাকবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় স্থাপিত তথ্যকেন্দ্রে রূপপুর প্রকল্প সম্পর্কে কোনো তথ্য থাকছে না। বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। তথ্যকেন্দ্রটি আগামীকাল মঙ্গলবার উদ্বোধন করা হবে।
সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু নভোথিয়েটারের দোতলায় দুটি প্রশস্ত কক্ষে তথ্যকেন্দ্রের সব সরঞ্জাম স্থাপন করা হয়েছে। সামনের কক্ষটিতে দর্শনার্থীদের অভ্যর্থনা জানানোর টেবিল, কম্পিউটার, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি রেপ্লিকা, যাঁরা সেখানে যাবেন তাঁদের শরীরের তেজস্ক্রিয়তা পরিমাপের একটি যন্ত্র প্রভৃতি বসানো হয়েছে।
ভেতরের কক্ষটিতে রয়েছে দেয়ালজুড়ে একটি পর্দা। সেই পর্দায় প্রজেক্টরের সাহায্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে যাবতীয় সাধারণ তথ্যসংবলিত প্রামাণ্যচিত্র দেখানো হবে। কক্ষে বড় পর্দার সামনে ছয়টি টেবিলে একসঙ্গে ৩৬ জন দর্শনার্থী বসে প্রতিটি টেবিলে স্থাপিত বাটন টিপে কম্পিউটারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে জবাব পাবেন। এটা শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী একটি কেন্দ্র হতে পারে।
তবে বড় পর্দায় দেখানো প্রামাণ্য বা তথ্যচিত্রে কিংবা টেবিলে বসে কম্পিউটারে যেসব বিষয় জানা যাবে, তার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে কোনো তথ্য থাকবে না। কিন্তু দেশের সব পর্যায়ের মানুষের আগ্রহ থাকবে রূপপুর সম্পর্কে জানার জন্যই।
রাশিয়া যেসব দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে, সেসব দেশে ‘নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি ইনফরমেশন সেন্টার’ (এনআইআইসি) নামে এ ধরনের তথ্যকেন্দ্র করা হয়। রূপপুরে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দরকারি সমীক্ষাগুলো আনুষ্ঠানিভাবে শুরু করার এক দিন আগে ঢাকাতে তথ্যকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। রূপপুরেও এ ধরনের একটি তথ্যকেন্দ্র করার কথা আছে।
তথ্যকেন্দ্রের পরিচালক (একই সঙ্গে বঙ্গবন্ধু নভোথিয়েটারের মহাপরিচালক) আরশাদ হোসেন কেন্দ্রটি ঘুরিয়ে দেখানোর সময় জানান, উদ্বোধনের আগে শেষ মুহূর্তের কাজগুলো করা হচ্ছে। কেন্দ্রটির দর্শনার্থীদের জন্য বঙ্গবন্ধু নভোথিয়েটারের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সময়সূচি করা হবে। তথ্যকেন্দ্রটিতে যেসব আয়োজন রাখা হয়েছে তা দেখতে একেকটি দর্শনার্থী দলের প্রায় এক ঘণ্টা সময় লাগবে। দর্শনার্থীদের কোনো টিকিট বা টাকাপয়সা লাগবে না।
পরিচালক বলেন, তথ্যকেন্দ্রটি থেকে জনসাধারণ ও গণমাধ্যমকর্মীদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-সংক্রান্ত বহুবিধ তথ্য সরবরাহ করা হবে। বিভিন্ন মডেল ও ভিডিওচিত্রের মাধ্যমে শিক্ষার্থীসহ সবাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামগ্রিক কার্যক্রম ও এর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে পারবেন।