তথ্যগত ভুলে মামলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল তথ্যের ওপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করেছে বলে দাবি করেছেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
মাহবুবুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় অনেক তথ্যবিভ্রাট রয়েছে। তথ্যগত ভুলে মামলাটি হয়েছে। মোট ২৬ একরের কিছু বেশি জমি রয়েছে আমার নামে। আমার অবৈধ কোনো সম্পদ নেই।’
ভুল তথ্যের ভিত্তিতে মামলা করার কারণে দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কি না—জানতে চাইলে এড়িয়ে যান সাবেক এ প্রতিমন্ত্রী।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ আগস্ট দুদকের উপপরিচালক খায়রুল হুদা রাজধানীর রমনা থানায় তাঁর বিরুদ্ধে মামলা (মামলা নং-৩৬) করেন।
মামলার এজাহারে বলা হয়, তিনি মোট পাঁচ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। মালিকানা অর্জনের উদ্দেশ্যে তিনি ওই সম্পত্তির রেজিস্ট্রি বায়নানামা সম্পাদন করেছেন। এ ছাড়া এক কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি মিথ্যা তথ্য প্রদান করেছেন।
মামলা করার আগে অনুসন্ধান পর্যায়েও মাহবুবুর রহমানকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে সম্পদ বিবরণী নোটিশ জারির পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩ এপ্রিল দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন এ সাংসদ। বিবরণীতে তাঁর নামে তিন কোটি নয় লাখ ৩৪ হাজার ৪৪০ টাকার স্থাবর সম্পদ ও দুই কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৭২ টাকার অস্থাবর সম্পদ অর্থাৎ মোট পাঁচ কোটি ৮৫ লাখ ৫১২ টাকার সম্পদের হিসাব জমা দিয়েছিলেন।