তথ্যচিত্রে শিল্পী এবং শিল্পের দেশ
‘১৯৭৪ সালে ফরাসি সরকারের বৃত্তি পেয়ে আমি ভাবছি ফ্রান্সে যাব কি যাব না, গেলে কীভাবে যাব। এসব ভেবে আমি যখন দ্বিধান্বিত, তখন বঙ্গবন্ধু আমাকে বললেন, তুমি অবশ্যই যাবে। যে দেশ স্প্যানিসশিল্পী পিকাসো এবং ডাচশিল্পী ভ্যান গগকে সত্যিকারের শিল্পী করে তুলেছিল, সে দেশে তোমাকে যেতেই হবে। বঙ্গবন্ধুর এমন উত্সাহেই আমার ফ্রান্সে যাওয়া এবং শিল্পী হয়ে ওঠা।’ ফরাসি চিত্রনির্মাতা অরিয়ান পোলাক নির্মিত তথ্যচিত্র লুই সুর লা তোয়াল-এ (ক্যানভাস অন দ্য আই) এভাবেই বলছিলেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। গতকাল সন্ধ্যা সাতটায় ফরাসি ভাস্কর পোরালি মন্তে, স্থাপনাশিল্পী কিতোরি ও বাংলাদেশের চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ওপর নির্মিত এ তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা আর্ট সেন্টার তাদের ধানমন্ডির নিজস্ব স্টুডিওতে। ফ্রান্সে চিত্রায়িত ২৭ মিনিট ব্যাপ্তির ফরাসি ভাষায় নির্মিত এ তথ্যচিত্রে ইংরেজি সাব-টাইটেল রয়েছে।ফ্রান্সকে কেন ছবির দেশ, কবিতার দেশ আর শিল্পের দেশ বলা হয়? কেন বলা হয় যেকোনো শিল্পীর দুটি দেশ—একটি শিল্পীর জন্মভূমি এবং অন্যটি ফ্রান্স। এ তথ্যচিত্রে দর্শক এসব প্রশ্নের জবাব পাবেন। দর্শক জানবেন ফ্রান্স কেন, কীভাবে শিল্পীদের আকর্ষণ করে। ফ্রান্স কীভাবে পিকাসো ও ভ্যান গগের মতো বিশ্ববিখ্যাত শিল্পীদের দেশ হয়ে উঠেছিল—এমনি আরও অনেক প্রশ্নের জবাব মিলবে এ তথ্যচিত্রে। তাছাড়া এতে উল্লিখিত তিন শিল্পী তাঁদের স্টুডিওতে কীভাবে কাজ করেন তাও তুলে ধরা হয়।প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শিল্পী শাহাবুদ্দিন, শিল্পী শিশির ভট্টাচার্য, নিসার হোসেন ও শিল্পসমালোচক মঈনুদ্দিন খালেদ। তথ্যচিত্র প্রদর্শনী শেষে শিল্পী শাহাবুদ্দিন ঢাকা আর্ট সেন্টারের ‘স্টুডিও প্রোগ্রাম’ উদ্বোধন করেন।