তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি মির্জা ফখরুলের
জিয়া পরিবারের বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি করেন। সম্প্রতি মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান সম্পর্কে নানা মন্তব্য করেছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। বেসরকারি নারী সংগঠন নারীপক্ষ এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে।
তথ্য প্রতিমন্ত্রীর মন্তব্য সম্পর্কে বিবৃতিতে মির্জা ফখরুল জানান, জাতীয় পতাকাধারী একজন ব্যক্তির এ ধরনের বক্তব্য সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে।
মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া প্রতিহিংসামূলক আচরণের শিকার হয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ না পেয়ে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। ঠিক এমন সময় তাঁর পরিবারের এক নারী সদস্য তথা পরিবারের বিভিন্নজন সম্পর্কে অশ্লীল, অপপ্রচার ইতিমধ্যে নারীনেতৃত্বসহ দেশের সচেতন সব মহলের ঘৃণা কুড়িয়েছে।
মুরাদ হাসানের মন্তব্যকে হীন রাজনৈতিক দুরভিসন্ধিমূলক এবং নারী ও বর্ণবিদ্বেষী বলে অভিহিত করেন মির্জা ফখরুল। এ মন্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চেয়ে মুরাদ হাসানকে পদত্যাগ করার আহ্বান জানান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল আরও জানান, অন্যথায় ভবিষ্যতে যথাসময়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।