উন্নত মানসিকতার অভাবে অনেকেই নিজের কাছে থাকা তথ্যটি অন্যকে সরবরাহ করতে চান না। আর এ কারণে তথ্যের প্রবাহ সঠিকভাবে হয় না। শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মনকে উদার ও উন্মুক্ত করা। তাই অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার মূল দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পালন করতে হবে। গতকাল শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত ‘বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রবাহ: প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. গীতি আরা নাসরীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, শিক্ষক রোবায়েত ফেরদৌস ও এস এম শামীম রেজা। যৌথ প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নন্দিনী শাহলা চৌধুরী, পুন্নি কবীর, সানজিদা ইসলাম, মাহমুদুল হক ও শরিফুল ইসলাম। আরেফিন সিদ্দিক বলেন, সবার জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইনফরমেশন ডেস্ক’ স্থাপনের বিষয়টি বিবেচনাধীন। এ ছাড়া, ক্যাম্পাস রেডিও এবং টিভি চ্যানেল প্রতিষ্ঠারও উদ্যোগ নেওয়া হবে।