তথ্যপ্রবাহ নিশ্চিত হলে দুর্নীতি কমে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘দুর্নীতি যেকোনো দেশের উন্নয়নকে ব্যাহত করে। তথ্যপ্রবাহ নিশ্চিত হলে জবাবদিহি নিশ্চিত হবে। তখন দুর্নীতিও কমে যাবে। তাই দুর্নীতি বন্ধ করতে আমরা ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছি। এ ছাড়া সুশাসন নিশ্চিত করতে আমরা বিভিন্ন ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দিয়েছি।’
গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট: এশিয়ান পারস্পেকটিভ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) সহযোগিতায় লোকপ্রশাসন বিভাগ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। সভাপতিত্ব করেন লোকপ্রশাসন বিভাগের সভাপতি পারভেজ আজহারুল হক।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘উন্নয়নের সঙ্গে সুশাসনের নিবিড় সম্পর্ক রয়েছে। সুশাসন ছাড়া ধারণযোগ্য উন্নয়ন সম্ভব নয়। আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, জঙ্গিবাদ একটি দেশের উন্নয়নে বাধা। তবে বর্তমান সরকার এ বিষয়গুলো কঠোরভাবে মোকাবিলা করছে। এ লক্ষ্যে সরকার সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিছপা হয়নি।’