তথ্যপ্রযুক্তি আইনে অনেক সাংবাদিক নিগৃহীত হচ্ছেন এটা ঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্যপ্রযুক্তি আইনে অনেক সাংবাদিক নিগৃহীত হচ্ছেন, এটা ঠিক নয়। দেশে সাংবাদিকের সংখ্যার তুলনায় এই আইনের ৫৭ ধারায় খুবই নগণ্যসংখ্যক সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন।

গতকাল বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি আইন সাংবাদিকদের জন্য করা হয়নি। সাধারণ নাগরিকদের নিরাপত্তা, নারীর সম্মান, শিশু নিরাপত্তা এবং রাষ্ট্র ও ধর্মের পবিত্রতা রক্ষার জন্যসহ ধর্মীয় সম্প্রদায়ের আচার-অনুষ্ঠানের নিরাপত্তা বিধান করার জন্য আইনটি করা হয়েছে।

হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে ২ হাজার ৮০০-এর বেশি পত্রপত্রিকা এবং ১ হাজার ৮০০টির বেশি অনলাইন পোর্টাল চলছে। সেদিক থেকে খুবই নগণ্য দু-একজন এ আইনে গ্রেপ্তার হয়েছেন। আর গ্রেপ্তার হওয়া সবাই আদালতে যাওয়ার পর জামিন পেয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার যাত্রা শুরু করার আগে থেকেই আইনটি করা হয়েছিল। সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরির চেষ্টা করছে। সেই আইনটি আসার পরে আইনমন্ত্রী ও সরকার বিচার-বিশ্লেষণ করে দেখবে ৫৭ ধারা বা এই আইনটি রাখার দরকার আছে কি না। তবে আইনটি মানবাধিকারবিরোধী বলে তিনি মনে করেন না।

ইনু বলেন, ‘ডিজিটালাইজেশনের ফলে আমাদের গণমাধ্যমের প্রসার ও বিকাশ ঘটেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে স্পেস তৈরি হয়েছে। সেখানে যদি কেউ অপব্যবহার করে, তথ্য যোগাযোগপ্রযুক্তি প্রয়োগ করে যদি কেউ চরিত্র হনন করে, কারও নিন্দা বা মিথ্যাচার করে, বিশৃঙ্খলা তৈরি করে ধর্মীয় বিভাজন বা বিদ্বেষ তৈরি করে, সেখানে এই আইনটি প্রয়োগ হয়। এটা সাংবাদিকদের জন্যই যে প্রয়োগ হয়—এটা ঠিক নয়। তা ছাড়া সাংবাদিকদের ক্ষেত্রে এই আইনের প্রয়োগের ক্ষেত্রে প্রত্যেকটি ঘটনা খতিয়ে দেখা হয়েছে।’