পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে গত শুক্রবার রাতে আমিমুল এহসান (৩৫) নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও পর্নোগ্রাফি আইনে পুলিশের দায়ের মামলার আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, এহসানের বাড়ি জেলার সুজানগর উপজেলার ভানীপুর গ্রামে। তিনি ঘটনার দিন বনগ্রাম বাজারে আপত্তিকর সেই প্রচারপত্র ফটোকপি করে বিতরণ করেছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বনগ্রাম বাজারে এহসানের কম্পিউটার ও ফটোকপির ব্যবসা আছে। ঘটনার দিন তিনি তাঁর দোকান থেকে সেই আপত্তিকর প্রচারপত্র ফটোকপি করে মানুষের মধ্যে বিলি করেন। স্থানীয় লোকজনের তথ্য অনুযায়ী তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে শুক্রবার রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ব্যবসায়ী বাবলু সাহার ছেলে রাজীব সাহা (১৫) ফেসবুকে মহানবী হজরত মুহামঞ্চদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছে—এমন গুজব ছড়িয়ে সাঁথিয়ার বনগ্রাম বাজার ও বনগ্রাম গ্রামে ২ নভেম্বর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট ও মন্দিরে হামলা, ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবলু সাহা বাদী হয়ে একটি এবং পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়।