তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই আদেশ দেন।
এম কে আনোয়ার নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। আদালত আগামী ২৩ নভেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এর মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে এই প্রথম কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) অভিযোগ গঠন করা হলো।
গতকাল এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতে মামলা থেকে এম কে আনোয়ারের অব্যাহতি চেয়ে আবেদন করেন। তিনি আদালতে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছেন তা ছিল রাজনৈতিক বক্তব্য। ওই বক্তব্যের বিষয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি দেবাশীষ বিশ্বাস সাম্প্রদায়িক উসকানি ও মানহানির অভিযোগে আদালতে একটি মামলা করেন। ওই সংবাদ সম্মেলনের বক্তব্যকে কেন্দ্র করে পল্টন থানার পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তী সময়ে পুলিশ তদন্ত করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে প্রতিবেদন (প্রসিকিউশন) দেয়। প্রতিবেদনে এম কে আনোয়ারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(১) (২) ধারায় অভিযোগ আনা হয়।
মাসুদ আহমেদ আরও বলেন, দলীয় সংবাদ সম্মেলনে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে এই আইনে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার কোনো সুযোগ নেই।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, গত বছরের ৫ মে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন এবং সহিংস ঘটনা ঘটান। তাঁরা মতিঝিল ও পল্টন এলাকায় সরকারি-বেসরকারি ভবন, গাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এর পরদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এম কে আনোয়ার সংবাদ সম্মেলনে বলেন, ‘বায়তুল মোকাররমে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে দোকানপাট লুট হয়েছে। পবিত্র কোরআন শরিফসহ ধর্মীয় গ্রন্থে আগুন দেওয়া হয়েছে।’ এ ধরনের সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ জিডি করে এবং তদন্তে এম কে আনোয়ারের বিরুদ্ধে বিভিন্ন জনগোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টার অভিযোগ পায়। ওই বছরের ২৭ জুন পুলিশ আদালতে প্রতিবেদন দেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন শাহ আলম তালুকদার, কে এম সাজ্জাদুল হক ও তাপস কুমার পাল।