তথ্যপ্রযুক্তি আইনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা গ্রেপ্তার
তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলার দুই ঘণ্টার মধ্যে বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শেখ সাঈদ আহম্মেদ মান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টায় বরিশাল শহরের গোরস্থান রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সাঈদ আহম্মেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর আবেদন শুনানির জন্য রেখে দিয়েছেন।
এর আগে সকাল ৮টা ১০ মিনিটে ব্যবসায়ী মো. শফিকুল আলম গুলজার বাদী হয়ে সাঈদ আহম্মেদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। শফিকুল আলম শহরের ‘হোটেল এরিনা’ ও অভিজাত রেস্তোরাঁ ‘হান্ডি কড়াই’-এর স্বত্বাধিকারী।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহম্মেদের ছেলে সাঈদ আহম্মেদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে বর্তমানে কোনো পদে নেই তিনি।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান প্রথম আলোকে বলেন, ১৯৯৬ সালে বরিশাল শহরে ত্রাস সৃষ্টিকারীদের অন্যতম ছিলেন সাঈদ আহম্মেদ। তিনি ছাত্রলীগের কোনো কমিটির সদস্য নন। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। নিজের অপকর্ম ঢাকতে সম্প্রতি তিনি একটি আঞ্চলিক দৈনিকের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে সংবাদকর্মী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
মামলার বাদী শফিকুল আলম অভিযোগ করেন, সম্প্রতি হান্ডি কড়াই রেস্তোরাঁর নামে একটি অগ্রহণযোগ্য মন্তব্য লিখে সাঈদ আহম্মেদ তাঁর ফেসবুকে পোস্ট করেন। এমনকি সেই পোস্ট বরিশাল জেলা প্রশাসন পরিচালিত ‘সমস্যা ও সম্ভাবনা’ নামক পেজেও শেয়ার করেন। ওই পোস্টনির্ভর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন হান্ডি-কড়াই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে রেস্তোরাঁটি বন্ধ করে দেয়। পাশাপাশি নানা অভিযোগে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এসব কারণে তাঁর প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই মামলা করেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়ায় সাঈদ আহম্মেদকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। তাই তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।