তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল চায় সম্পাদক পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(১ ও ২) ধারা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। গতকাল রোববার সম্পাদক পরিষদের এক সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবে এই দাবি জানানো হয়।
একই সঙ্গে সম্পাদক পরিষদ সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার ও হয়রানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
ডেইলি স্টার কার্যালয়ে সম্পাদক পরিষদের সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যবহার স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সভায় এই আইনের ১ ও ২ নম্বর ধারা অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। সভায় ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫’, গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি ও আদালত অবমাননা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম, নয়া দিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ইত্তেফাক-এর সম্পাদক (ভারপ্রাপ্ত) তাসমিমা হোসেন, ইন্ডিপেনডেন্ট-এর সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তর-এর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান। বিজ্ঞপ্তি।