তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবি
সাংবাদিক হয়রানি বন্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
গতকাল শনিবার সংগঠন দুটির নেতারা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা ও বিডিনিউজটুয়েন্টিফোরডটকমের প্রতিবেদক গোলাম মুজতবার নামে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলা দুটি প্রত্যাহার এবং গোলাম মোস্তফার মুক্তির দাবি জানানো হয়।
বিবৃতিতে বিএফইউজে-একাংশের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আব্দুল্লাহ এবং ঢাকা ডিইউজে-একাংশের সভাপতি আব্দুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বলেন, শুরু থেকেই সাংবাদিক ইউনিয়ন তথ্যপ্রযুক্তি আইনকে স্বাধীন মত প্রকাশের অন্তরায় বলে প্রতিবাদ জানিয়ে আসছে। এই দাবি যে যৌক্তিক, সেটি সর্বোচ্চ আদালতের রুল এবং আইনমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। বিবৃতিতে এ আইনকে কালো আইন আখ্যা দিয়ে বর্তমান সংসদে তা বাতিল করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।