তথ্যপ্রযুক্তি নির্যাতনের হাতিয়ার, প্রতিরোধেরও হাতিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের চাকরিপ্রার্থী এক নারী গিয়েছিলেন ছবি তুলতে। ছবি তোলা শেষ, কিন্তু ক্যামেরাম্যান ছবির নেগেটিভ দিতে অগ্রহণযোগ্য সব শর্ত জুড়ে দিচ্ছেন। ওই নারী তখনই ডায়াল করেছেন ১০৯২১ নম্বরে। আধঘণ্টার মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল থেকে নারীটিকে উদ্ধার করেন আর লোকটিকে আটক করেন।
আজ বিকেলে ‘প্রথম আলো’ কার্যালয়ে ‘নারী নির্যাতন বন্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকটির আয়োজক ছিল ‘প্রথম আলো’ ও বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার।
বৈঠকে অংশগ্রহণকারী আলোচকেরা বলেন, তথ্যপ্রযুক্তি নারী নির্যাতন বন্ধের হাতিয়ার হিসেবে কাজ করেছে রংপুরে। আবার ঢাকায় কিংবা কুষ্টিয়ায় নারী নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহূত হয়েছে। সতর্কতার সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করলে নারীরা নির্যাতনের শিকার হবেন না, বরং নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে। তাঁরা সাইবার অপরাধ রোধে আইনের দ্রুত ও যথাযথ প্রয়োগের ওপর জোর দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাইবার অপরাধ দমনে আরও দক্ষ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করা হয় আলোচনায়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া এ রহমান বলেছেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সতর্কতার বিষয়টি গ্রাম পর্যায় থেকে শহর পর্যন্ত সর্বস্তরের নারীদের জানাতে হবে।
অন্যদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্যাতনের শিকার নারীদের সহযোগিতায় পুলিশ ও প্রশাসনের লোকজনের সঙ্গে স্থানীয় সরকার প্রতিনিধি, থানা মহিলা কর্মকর্তা ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। তিনি মুঠোফোন পরিচালনাকারী প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। রাতের বেলা কম পয়সায় কথা বলার যে সুযোগ, সেটা নিয়ে আরও ভাবার অনুরোধ জানান।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টোরাল প্রোগ্রাম অন ভিএডব্লিউর প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেছেন, তাঁরা সব মানুষের কাছে পৌঁছতে পারছেন না। তিনি বলেন, ‘সরকারকে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হবে, মানুষকে যেন সেবা পেতে সরকারের কাছে আসতে না হয় তেমন ব্যবস্থা করতে হবে।’
মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহীন আনাম বলেছেন, ইন্টারনেটে কারও ছবি ছড়িয়ে পড়লেই তার সম্মানহানি হয়, এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শামীমা পারভীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারী নির্যাতন বন্ধে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
বৈঠকে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপকমিশনার শামীমা বেগম, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারের ভাইস প্রেসিডেন্ট রুবিনা এইচ ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক সুরাইয়া পারভীন, বাংলাদেশ উইমেন ইন আইটির প্রেসিডেন্ট লুনা শামসুদ্দোহা, ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক জাভেদ মোর্শেদ, এক্সেস টু ইনফরমেশন কর্মকর্তা সুপর্ণা রায়, ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্যোক্তা লাবণী আকতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। উপস্থিত ছিলেন ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান।