তথ্যপ্রযুক্তি বিনিময়ের প্রত্যয়ে শেষ হল সিটিও ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পারস্পরিক উন্নয়ন নিশ্চিতের আহ্বান জানিয়ে ঢাকায় শেষ হয়েছে কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) বার্ষিক ফোরাম। আজ বুধবার ঢাকার র‌্যাডিসন হোটেলে সমাপনী অধিবেশনে বক্তারা এ আহ্বান জানান।
তিন দিনের এ সম্মেলনের শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিটিওর সেক্রেটারি জেনারেল টিম আনউইন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
তাঁরা বলেন, এ সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে। সদস্য দেশগুলোর সঙ্গে ইতিবাচক আলোচনার সুযোগ হয়েছে।
২০১৪ সালের ২০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বুশানে আইটিইউর সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১০ সালেও বাংলাদেশ আইটিইউর কাউন্সিলর নির্বাচিত হয়েছিল।
বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে ফলাফল বোঝা যাবে ভোটের পর।
সিটিওর সেক্রেটারি জেনারেল টিম আনউইন বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলো জোটের সদস্যদের ভোট দিলে নির্বাচনে শক্ত অবস্থানে থাকা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে তাঁরা আরও বলেন, তিন দিনের এ ফোরামে ১২টি কর্ম-অধিবেশনে তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত নানা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন দেশগুলোর বিশেষজ্ঞরা। পাশাপাশি কমনওয়েলথের বাইরের কয়েকটি দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরাও তাঁদের মতামত তুলে ধরেন। তাঁদের বক্তব্য থেকে নতুন নতুন ধারণা, সমস্যা ও সম্ভাবনার কথা উঠে এসেছে। এর মাধ্যমে প্রতিটি দেশই লাভবান হবে বলে মনে করেন তাঁরা।
এর আগে সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। অর্থনৈতিক ক্ষেত্রে দুই অঙ্কের প্রবৃদ্ধি নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে সরকার কাজ করবে।