তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আ. লীগকে শক্তিশালী করতে চান জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগকে শক্তিশালী ও গতিশীল করতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করবেন প্রধানমন্ত্রীপুত্রসজীব ওয়াজেদ জয়। এ জন্য দলটির সাংগঠনিক সম্পাদকদের কাছে মাঠপর্যায়ের তথ্য চেয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সাংগঠনিক, প্রচার ও প্রকাশনা এবং দপ্তর সম্পাদকদের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন জয়।
সজীব ওয়াজেদ বলেন, ‘সরকারের পাশাপাশি আওয়ামী লীগ পরিবারকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চাই। তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে এটা করতে চাই। ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছি। আওয়ামী লীগের সব সদস্যের জন্য ডাটাবেইস করব। যেখানে সদস্যদের নাম, ঠিকানা ও পদবি থাকবে। সদস্যদের নাম-পরিচয় বিচ্ছিন্নভাবে না রেখে তথ্যপ্রযুক্তির মাধ্যমে একটি পয়েন্টে রাখা হবে, যাতে প্রয়োজনে সবার সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়।’
প্রধানমন্ত্রীপুত্র বলেন, ‘সরকার সাড়ে পাঁচ বছর ধরে সুন্দরভাবে দেশ চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, পাঁচ বছরই থাকবে। দেশকে এগিয়ে নিতে আমাদের অনেক পরিকল্পনা আছে। সবকিছুর বাস্তবায়ন হলে, আগামী ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।’
‘আপনি ডিজিটাল বাংলাদেশ গড়তে দলের সব সাংসদের ফেসবুক অ্যাকাউন্ট করার কথা বলেছিলেন। কিন্তু অর্ধেক সাংসদের ফেসবুক অ্যাকাউন্ট নাই’—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘দলের মধ্যে যেসব তরুণ, প্রগতিশীল ও আধুনিকমনা সংসদ সদস্য আছেন, তাঁদের সবারই ফেসবুকে অ্যাকাউন্ট আছে। অন্য যাঁদের নেই, হয়ে যাবে।’
বৈঠকে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বীর বাহাদুর উ শৈ সিং, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিজবাহ উদ্দিন সিরাজ, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুল মান্নান, আবদুস সোবহান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।