তথ্যপ্রযুক্তি ব্যবহারে স্বাস্থ্যসেবার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি প্রকল্পের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মাঠ পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের দক্ষতা বেড়েছে। একই সঙ্গে পরিবার পরিকল্পনা, পুষ্টি, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের জানার আগ্রহ বেড়েছে।

‘স্বাস্থ্যের জন্য জ্ঞান’ শীর্ষক ওই দিশারি প্রকল্পটির মূল্যায়ন ফলাফল আজ রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, ইউএসএআইডি, এমিনেন্স ও বাংলাদেশ নলেজ ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, সিলেট ও চট্টগ্রাম জেলার ১২টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। ১৫০ জন স্বাস্থ্য সহকারী ও ১৫০ জন পরিবারকল্যাণ সহকারীকে ডিজিটাল তথ্য উত্স সংযুক্ত নেটবুক দেওয়া হয়। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল ‘ই-টুলকিট’ ও ‘ই-লার্নিং’ কোর্স ব্যবহার করে মাঠকর্মীদের জ্ঞান ও কাউন্সেলিং দক্ষতা বাড়ানোর পাশাপাশি সেবাগ্রহীতাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে আগ্রহী করা।

চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত ওই প্রকল্প বাস্তবায়িত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএসএআইডির অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স স্কুল অব পাবলিক হেলথের সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস। প্রকল্পে গবেষণা সহায়তা করেছে বেসরকারি প্রতিষ্ঠান এমিনেন্স।

অনুষ্ঠানে এমিনেন্সের প্রকল্প কারিগরি সমন্বয়কারী সুস্মিতা খান বলেন, পরিবার পরিকল্পনা সম্পর্কে মাঠকর্মীদের ৪৯ শতাংশের সার্বিক ধারণা ছিল। প্রকল্প শেষে এই হার দাঁড়ায় ৮৪ শতাংশে। প্রকল্প শুরুর আগে ৭৮ শতাংশ মা ছয় মাস বয়সী শিশুর সম্পূরক খাবার হিসেবে খিচুড়ির কথা জানতেন। কিন্তু প্রকল্প শেষে এই হার বেড়ে ৯৪ শতাংশে দাঁড়ায়। তথ্যপ্রযুক্তি ব্যবহারের কারণে সেবাগ্রহীতাদের কাছে মাঠকর্মীদের গ্রহণযোগ্যতাও বেড়েছে।

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার স্বাস্থ্যকর্মী রফিক মিয়া এই দিশারি প্রকল্পে কাজ করেছেন। তিনি বলেন, নেটবুকের মাধ্যমে তাঁরা জরুরি স্বাস্থ্য তথ্য পান। এটা ব্যবহারের ফলে মানুষের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা বেড়েছে।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার পরিবারকল্যাণ সহকারী পুষ্প রানী বড়াল বলেন, আগে মানুষ মাঠকর্মীদের কথা শুনত, তবে মনে রাখতে পারত না। কিন্তু এখন নেটবুকে নানা ছবি ও ভিডিও দেখতে পারে। সেবাগ্রহীতা মনে রাখছে বেশি।

অনুষ্ঠানে উপস্থিত সরকারি ও বেসরকারি নানা সংগঠনের প্রতিনিধি তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা সেবা দেওয়ার উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, অনেক কর্মকর্তা ও কর্মচারী ঠিকভাবে দায়িত্ব পালন করেন না। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাঁদের ওপর নজরদারি সহজ হবে।