তথ্যপ্রযুক্তি সেবার আওতায় শিক্ষা বোর্ড
দেশের ১০টি শিক্ষা বোর্ডের আওতাধীন ৩০ সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পোর্টাল তৈরি করা হয়েছে। এর মাধ্যমে যে কেউ, যেকোনো স্থান থেকে প্রতিটি প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য দেখতে পাবে। এ ছাড়া প্রতিটি প্রতিষ্ঠান নিজেরাই তাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজ তৈরি এবং কনটেন্ট আপলোড করতে পারবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত রোববার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে শিক্ষা বোর্ডগুলোর ই-সেবা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, শিক্ষা খাতের সর্বত্র তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করে জনগণের দোরগোড়ায় তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন কাজের জন্য শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষা বোর্ডে এসে সময়ক্ষেপণ করেন। ব্যয় করেন অর্থ। ই-সেবা চালু হওয়ার পর তাঁদের হয়রানি কমবে, বোর্ডগুলোর কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
অনুষ্ঠানে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রমুখ বক্তৃতা করেন।
ঢাকা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর শিক্ষায় এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, নিজ প্রতিষ্ঠানে বসে কম খরচে এবং ঝামেলা ছাড়াই এখন থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ই-সেবা গ্রহণ করতে পারবে।