দহগ্রাম ও আঙ্গরপোতায় থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তথ্যপ্রযুক্তি সেবার মান বাড়াতে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে এবং তাদের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। এ জন্য তারা তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সুবিধা ব্যবহার করে ভালোভাবে জীবন যাপন করতে চায়। সরকারও জনগণের এ প্রত্যাশা পূরণ করতে চায়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যন্ত দহগ্রাম ও আঙ্গরপোতায় গ্রামীণ ফোনের থ্রিজি নেটওয়ার্ক উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে গতকাল বুধবার থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন করেন তিনি। খবর বাসসের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেট সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আইসিটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং ক্রমান্বয়ে এর চাহিদাও বাড়ছে। এই প্রেক্ষাপটে ইন্টারনেট ও অন্যান্য ডিজিটাল সেবার গতি বৃদ্ধি করা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন লালমনিরহাট প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
দহগ্রাম ও আঙ্গরপোতায় তাঁর সরকারের নেওয়া ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত শতকের আশির দশকে এসব এলাকায় যোগাযোগ করা খুব কঠিন ছিল। বাংলাদেশের মূল ভূখণ্ডের অংশ হওয়ার পরও আগে তিন বিঘা করিডর দিনে মাত্র এক ঘণ্টা খোলা থাকত।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার করিডর ২৪ ঘণ্টা খুলে দেওয়ার জন্য ভারত সরকারকে রাজি করায় আর ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে এটির বাস্তবায়ন করে।
শেখ হাসিনা বলেন, উত্তরাঞ্চলের জেলাগুলো এখন ১৫ শতাংশ উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করে। ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় এসব অঞ্চলের মানুষ ‘মঙ্গা’ কী তা ভুলে গিয়েছিল। পরে বিএনপি-জামায়াতের সময় আবার তা ফিরে আসে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নানা প্রচেষ্টায় মঙ্গাকে দূরীভূত করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘এখন কেউ আর দেশের উত্তরাঞ্চলকে মঙ্গাপ্রবণ এলাকা বলতে পারে না।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সেবার বিকাশে তাঁর সরকারের নেওয়া নানা পদক্ষেপের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এ পর্যন্ত সারা দেশে ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন করেছে। দেশের সব ডাকঘরকে ক্রমান্বয়ে ডিজিটাল সেন্টারে রূপান্তরিত করা হবে। এখন সাড়ে তিন হাজার ডাকঘরকে ডিজিটাল সেন্টারে পরিণত করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, সরকার ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ স্থাপনে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করেছে। ব্যান্ডউইট্থের স্পিড বৃদ্ধি এবং আইসিটির ব্যবহার বাড়াতে অন্যান্য প্রযুক্তিগত বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি, ডাক ও টেলিযোগাযোগ সচিব এম ফাইজুর রহমান চৌধুরী এবং সরকারের ও গ্রামীণফোনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় গণভবনে উপস্থিত ছিলেন।