তথ্যপ্রযুক্তিকে শিক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞানার্জনের পথ তৈরি করে দিতে হবে। তবেই তারা প্রযুক্তিগত জ্ঞান অন্বেষণ করতে পারবে। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লায় আয়োজিত ‘শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।৩ জুলাই ওই কর্মশালা শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের আয়োজনে কুমিল্লার কোটবাড়ীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এ কর্মশালা হয়। কলেজের অধ্যক্ষ খালেদা আক্তার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোরশেদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম আশরাফুল ইসলাম, পরিচালক মো. নজরুল ইসলাম। কর্মশালায় ১৪টি কলেজের ১৮ জন শিক্ষককে প্রশিক্ষণের পর সনদ দেওয়া হয়। প্রশিক্ষকেরা পরে প্রজেক্টরের মাধ্যমে তাঁদের ছয় দিনের লিখনপদ্ধতি উপস্থাপন করেন।