তথ্যপ্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে চালু হলো 'স্ম্যাক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পেশাজীবীদের সক্ষমতা বাড়াতে ‘সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যানালাইটিক ক্লাউড’ (স্ম্যাক) নামে বিশেষ একটি ল্যাবরেটরি বা পরীক্ষাগার চালু করেছে সরকার।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে এই পরীক্ষাগারের উদ্বোধন করেন। আইসিটি বিভাগের তৃতীয় তলায় এই পরীক্ষাগারটি তৈরি করা হয়েছে। সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এই ল্যাবের মাধ্যমে বছরে ৫০ হাজার লোককে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।’
এই পরীক্ষাগারের পাশাপাশি একই স্থানে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ভিডিও গেম ‘মুক্তিযুদ্ধ ৭১’ ও শিশুদের তথ্যপ্রযুক্তি সুরক্ষা সফটওয়্যার ‘সোনামণি গার্ড’ উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে স্ম্যাক ল্যাব, ভিডিও গেম ও অ্যাপসটি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দেশের তরুণেরা এত সুন্দর অ্যাপস তৈরি করছে যে এ জন্য আমি গর্বিত।’
এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ ও সচিব শ্যামসুন্দর শিকদার তাঁর সঙ্গে ছিলেন।
আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষ এই স্ম্যাক পরীক্ষাগার সাইবার নিরাপত্তা ও বিগ ডেটা অ্যানালাইটিকস নিয়ে কাজ করবে।