সময়ের সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত জাতি গঠনে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষা চিরদিনই উন্নয়নের মূল চালিকাশক্তি। বর্তমান শিক্ষাব্যবস্থা অনেক আধুনিক হয়েছে। তথ্যপ্রযুক্তিনির্ভর হয়েছে। আমাদের লক্ষ্য হতে হবে মানবিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে।’ শিক্ষার ক্ষেত্রে সিলেটের গৌরবময় অতীতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের সেই অতীতকে আবার ফিরিয়ে আনতে হবে।’সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি সুবর্ণে নীল উড়ান স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাসিম, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাজিদা খানম চৌধুরী, রাবেয়া খান আহমেদ ও বর্তমান অধ্যক্ষ বেগম সুলতানা।আজ শনিবার বেলা তিনটায় ব্লু বার্ড স্কুল প্রাঙ্গণে উৎসবের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি টানা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।