তথ্যপ্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগে বাংলা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভাব্য স্বল্পতম সময়ে নতুন প্রযুক্তির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সব উদ্ভাবন ও প্রয়োগে বাংলা ভাষা ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের, বিশেষ করে বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে অমর একুশে-২০১২ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনের পর দেওয়া এক ভাষণে এ আহ্বান জানান।ভাষণের শুরুতেই সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ সব ভাষাশহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, এখন তথ্যপ্রযুক্তির যুগ। অনেকেরই ধারণা, ইংরেজি না জানলে প্রযুক্তি ব্যবহার করা যায় না। যেসব দেশ তথ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগে এগিয়ে যাচ্ছে, তারা সবাই মাতৃভাষা প্রয়োগ করছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বাংলা ব্যবহার সহজতর করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আজ থেকে মোবাইল ফোনে বাংলায় এসএমএস পাঠানো ও পড়ার সুযোগ চালু করা হয়েছে। এ ছাড়া এ মাস থেকে সব ব্র্যান্ডের বেসিক মোবাইল হ্যান্ডসেটে পূর্ণাঙ্গ বাংলা কি-প্যাড সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ডটবিডির পাশাপাশি দ্বিতীয় কান্ট্রি কোডেড টপ লেভেল ডোমেইন হিসেবে ডটবাংলা (.বাংলা) প্রবর্তনের উদ্যোগ নিয়েছি।’শেখ হাসিনা বলেন, ‘আমরা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। আমরা বাংলায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছি। এখন গ্রামের জনগণও ই-সেবা নিতে পারছে।’বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করতে তাঁর সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ লক্ষ্যে আমি জাতিসংঘের সাধারণ পরিষদে ইতিমধ্যে একটি প্রস্তাব উত্থাপন করেছি। বাংলা ভাষাভাষী লোকসংখ্যা এবং বাংলা ভাষার প্রতি বিশ্বসম্প্রদায়ের আগ্রহ দিন দিন বাড়ছে।’ এতে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার স্বপ্ন একদিন পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ ব্যাপারে বিশ্বজনমত গড়ে তোলার জন্য বিশ্বের প্রতিটি বাঙালির প্রতি আহ্বান জানান।শিক্ষামন্ত্রী এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ইমেরিটাস রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইনস্টিটিউটের পরিচালক জিনাত ইমতিয়াজ আলী।তিন দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষার বর্ণমালা প্রদর্শনী ঘুরে দেখেন। বাসস ও ইউএনবি।মুঠোফোনে বাংলায় এসএমএস কার্যক্রমের উদ্বোধনপ্রধানমন্ত্রী গতকাল তাঁর সরকারি বাসভবনে মুঠোফোনে বাংলায় এসএমএস কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি একুশের চেতনা ধারণ করে একটি জ্ঞানভিত্তিক, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এ অনুষ্ঠান একটি মাইলফলক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এর ফলে সাধারণ মানুষও এসএমএস লিখতে পারবে এবং এর মাধ্যমে ই-সেবা নিতে পারবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডিজিটাল বাংলাদেশ প্রকল্পে সহায়তাকারী জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।