তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান বলেছেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি করে দক্ষ জনবল তৈরি করতে হবে। এর জন্য প্রশিক্ষণার্থীদের পাঠদানের ক্ষেত্রে আধুনিকায়ন হতে হবে। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে ‘উচ্চশিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থনীতি বিভাগের উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বুধবার কর্মশালার সমাপনী দিন। সকাল ১০টায় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং উপপ্রকল্পের ম্যানেজার মো. জাকির ছায়াদউল্লাহ খানের সভাপতিত্বে ওই কর্মশালা শুরু হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সাবেক পরিচালক অধ্যাপক সিদ্দিকুর রহমান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, অত্যন্ত প্রতিযোগিতার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং নৃ-বিজ্ঞান বিভাগ ‘উচ্চশিক্ষার মানোন্নয়ন’ এর জন্য দুটি প্রকল্প পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিশ্বব্যাংকের সহায়তায় ‘উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প’ বাংলাদেশ তথা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। কর্মশালায় অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, বিশ্বায়নের যুগে বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না। এ জন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে। ইউজিসির মাধ্যমে ‘উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প’ উচ্চশিক্ষা প্রসারের যে পথ তৈরি করে দিয়েছে, তা আমাদের সৎ ব্যবহার করতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের বিকল্প নেই। আমাদের শিক্ষাদান পদ্ধতি এবং গবেষণায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।